বাড়িরাজ্যরাজ্যে হেলথ ইউনিভার্সিটি স্থাপনের জন্য মন্ত্রীসভার বৈঠকে আলোচনা চলছে : মুখ্যমন্ত্রী

রাজ্যে হেলথ ইউনিভার্সিটি স্থাপনের জন্য মন্ত্রীসভার বৈঠকে আলোচনা চলছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৫ মার্চ :  বৃহস্পতিবার জিবি হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন তিনটি প্রকল্পের উদ্বোধন। প্রকল্পগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জিবি হাসপাতালে মূলত আই.সি.ইউ, লেবার রুম কাম অবস্টেট্রিক্স ও.টি. কমপ্লেক্স এবং ট্রমা ও.টি-র উদ্বোধন করা হয়। ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে এই তিনটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান উন্নয়নের শেষ নেই। সরকার মানুষের স্বার্থে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জিবি হাসপাতাল ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে একটা এপেক্স টার্শিয়ারি কেয়ার সেন্টার।

মানুষের যখন কোন সমস্যা হয়, শেষ পর্যন্ত জিবি হাসপাতালে যেতে হয়। সরকার জিবি হাসপাতালের বিভিন্ন বিভাগের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে জিবি হাসপাতালে প্রায় ২৪ টি এন.আই.সি.ইউ সহ মোট ১১৬ টি আই.সি.ইউ শয্যা রয়েছে। জিবি হাসপাতালে ৩২০ টি আইসিইউ শয্যা প্রয়োজন। সেই লক্ষ্যে সরকার কাজ করছে। আগে ট্রমা কেয়ার সেন্টারে কোন ওটি ছিল না। তাই ট্রমা কেয়ার সেন্টারে এইদিন ট্রমা ওটি-র উদ্বোধন করা হয়েছে। ট্রমা কেয়ার সেন্টারে ট্রমা ওটি থাকার ফলে যান দুর্ঘটনায় রোগী মৃত্যুর হার আগামী দিনে হ্রাস পাবে। কারন ট্রমা কেয়ার সেন্টারে ওটি থাকার ফলে জরুরি ভিত্তিতে অপারেশন করা যাবে। সেখানে নিউরো সার্জন, অর্থোপেডিক সার্জন, জেনারেল সার্জন থাকবে। জিবি হাসপাতালে লেবার রুম কাম অবস্টেট্রিক্স ও.টি. কমপ্লেক্স জরুরি ছিল।

তারও এইদিন উদ্বোধন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন লেবার রুম কাম অবস্টেট্রিক্স ও.টি. কমপ্লেক্স থাকার ফলে প্রসুতি মহিলাদের সুবিধা হবে। পাশাপাশি চিকিৎসা পরিষেবার মান উন্নয়ন হবে। মনিপুরের সৃজা হাসপাতালকে রাজ্যে হাসপাতাল স্থাপনের জন্য জায়গা দেওয়া হয়েছে। গোহাটির আরও একটি সুপার স্পেশালিটি হাসপাতাল রাজ্যে আসছে। তাদের সাথে ইতিমধ্যে মৌ-স্বাক্ষর করা হয়েছে। তাদেরকে পুরাতন জুটমিলের জায়গায় হাসপাতাল নির্মাণের জন্য জায়গা দেওয়া হয়েছে। আগরতলা সরকারি ডেন্টাল কলেজের জন্য আরও একটি বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। রাজ্যে কিডনি প্রতিস্থাপন শুরু হয়ে গেছে বর্তমানে। খোয়াই ও সিপাহীজলা জেলার নতুন করে জেলা হাসপাতাল নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে রাজ্যে একটি হ্যোমিওপ্যাথি ও একটি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান কুলাইয়ে একটি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে। তার জন্য মৌ স্বাক্ষর হয়ে গেছে। ত্রিপুরা রাজ্যে হেলথ ইউনিভার্সিটি স্থাপনের জন্য মন্ত্রীসভার বৈঠকে আলোচনা চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন তথা বিধায়িকা মিনারানী সরকার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্যে, এজিএমসি-র অধ্যক্ষ ডাঃ তপন মজুমদার, জিবি হাসপাতালের এমএস ডাঃ বিধান গোস্বামী, ট্রমা কেয়ার সেন্টারের মেডিক্যাল অফিসার ইনচার্জ ডাঃ পুলক সাহা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য