স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : কদমতলা–কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঘন গ্রাম পঞ্চায়েতে ভাঙন। নির্বাচিত পঞ্চায়েত সদস্য-সহ ১৩ জন ভোটার ভারতীয় জনতা পার্টি-তে যোগদান করেন। রবিবার বাঘন গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য শাহাবুদ্দিন-সহ মোট ১৩ জন ভোটার আনুষ্ঠানিকভাবে শাসক দল বিজেপিতে যোগদান করেছেন। দীর্ঘদিন ধরে বাঘন গ্রাম পঞ্চায়েত বামফ্রন্টের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এই কেন্দ্রটি। সরকার পালাবদলের পর এই পঞ্চায়েত চলে যায় কংগ্রেসের দখলে।
যদিও বিগত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ফের বিজেপি-র দখলে আসে বাঘন গ্রাম পঞ্চায়েত। রবিবার দুপুরে বাঘন গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য শাহাবুদ্দিনের বাসভবনে অনুষ্ঠিত হয় বিজেপির এক যোগদান সভা। সভায় শাহাবুদ্দিন-সহ তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন মিলিয়ে মোট ১৩ জন ভোটার বিজেপিতে যোগ দেন বলে দলীয় নেতৃত্বের দাবি।
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান উপস্থিত নেতৃত্ব। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কদমতলা–কুর্তি মণ্ডলের মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ, প্রাক্তন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত দেব, বিজেপি নেতা আজমল হোসেন, শ্যামল দেব-সহ অন্যান্য দলীয় কর্মী ও সমর্থকরা। এই যোগদানকে কেন্দ্র করে বাঘন গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

