স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : চুরির ঘটনার তদন্তে নেমে তিন চোরকে জালে তুলল পূর্ব আগরতলা থানার পুলিশ। চুরির ঘটনার বিবরণে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি আগরতলার এম বি বি ক্লাব সংলগ্ন উত্তরা বিউটি পার্লারের মালিক উত্তরার বাড়ি থেকে চুরি কান্ডে ৩ চোরকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ। রবিবার আগরতলার পূর্ব থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ জানান, এম বি বি ক্লাব সংলগ্ন উত্তরা নামে একজনের বাড়ি থেকে আইফোন চুরির ঘটনা সংঘটিত হয়।
এরপর প্রেক্ষিতে বিউটি পার্লারের কর্ণধার উত্তরা নাথ পূর্ব থানায় মামলা করেন। থানার পুলিশ মামলার তদন্তভার দায়িত্ব নিয়ে সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে রবিবার আগরতলার লালমাটি এলাকা থেকে গোপাল বিশ্বাস নামে একচোরকে গ্রেফতার করে, তারপর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো দুইজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন দীপ সাহা ও দীপক দাস। তাদের কাছ থেকে একটি আই ফোন উদ্ধার করে রবিবার রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে তোলা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তবে পুলিশের আরো ধারণা তাদের সাথে আরো অনেকে জড়িত থাকতে পারে। এই গোটা চক্রটি রাজধানী আগরতলায় একাধিক চুরির ঘটনা সংঘটিত করেছে বলেও পুলিশ সূত্রে ধারণা। তবে রাজ্যে যখন পুলিশ সপ্তাহ চলছে তখন মানুষের বাড়ি ঘর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে চুরির হিড়িক চলছে। তদন্তে নেমে হিমশিম খাচ্ছে ত্রিপুরা পুলিশ।

