স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ ফেব্রুয়ারি : বনদস্যুদের উৎপাত দিন দিন বেড়ে চলেছে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বন রক্ষা করতে টিএসআর সহ একাধিক উদ্যোগের কথা বিভিন্ন সময় দাবি করলেও কতটা বাস্তবায়ন হচ্ছে সেটাই বড় প্রশ্নবোধক চিহ্ন! মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার বনদপ্তরের এস.ডি.এফ.ও -র গাড়ির সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। গোপন খবরের ভিত্তিতে অবৈধ কাঠ পাচার রুখতে গিয়েই এই ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে এস.ডি.এফ.ও গাড়ি চালক এবং গাড়িতে থাকা আরেকজন কর্মীও আহত হয়েছেন। এস.ডি.এফ.ও রাকেশ দাস জানান, ধর্মনগর মহকুমার হুরুয়া এলাকায় অবৈধ কাঠ পাচার হচ্ছে বলে খবর ছিল বন কর্মীদের কাছে। আর সেই খবরের ভিত্তিতে এই অবৈধ কাঠ পাচার বন্ধ করতে যখন টহলদারি চলছিল সেই সময় বনদপ্তরের গাড়ির সঙ্গে অপর গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় উভয় গাড়িরই ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেগুন কাঠ পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনায় জড়িত অপর গাড়িটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এদিকে ক্ষতিগ্রস্ত গাড়ির চালক মিনার আলী দাবি করেন, তিনি ব্যক্তিগত কাজে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন সম্পূর্ণ ঢাকা অবস্থায় থাকা একটি বোলেরো গাড়িকে বনদপ্তরের কর্মীরা ধাওয়া করছিলেন। সেই গাড়িটি হঠাৎ পিছনের দিকে ব্রেক গ্রিয়ার দেয়, তখন বনদপ্তরের গাড়ির সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ কাঠ পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

