Tuesday, February 10, 2026
বাড়িরাজ্যধর্মনগরে একা লড়াই করতে চায় কংগ্রেস

ধর্মনগরে একা লড়াই করতে চায় কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ ফেব্রুয়ারি : সারা দেশব্যাপী মনরেগা সংগ্রাম কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১৭ ফেব্রুয়ারি আগরতলায় রাজ্যপাল ভবন অভিযান সফল করতে উত্তর জেলার ধর্মনগরে প্রস্তুতি বৈঠক করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার ধর্মনগরের জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, জেলা ও ব্লক স্তরের দলীয় নেতৃত্ব এবং কর্মীরা।দলীয় সূত্রে জানা যায়, রাজ্যপাল ভবন অভিযানে বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল বৈঠকের মূল লক্ষ্য। পাশাপাশি আগামিদিনে দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির রূপরেখা ও বাস্তবায়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশিষ কুমার সাহা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং জানান, ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করাই কংগ্রেসের প্রধান লক্ষ্য। তিনি বলেন,  বিজেপিকে পরাস্ত করার জন্য কোন ভাবেই ভোট ভাগাভাগি কাঙ্খিত নয়। বক্সনগরে সিপিআইএমকে লড়াই করার জন্য প্রার্থী দেয়নি উপনির্বাচনে। যাতে বিরোধী ভোট সিপিআইএম পায়। ধর্মনগরের মানুষও চায় আসন্ন উপ নির্বাচনে যাতে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হয়। তাই কংগ্রেস আশাবাদী ধর্মনগরের আসন্ন উপ নির্বাচনে কংগ্রেস লড়াই করবে, আর সমর্থন করবে সিপিআইএম। বৈঠকে জেলা কংগ্রেস সভাপতি দ্বীগবিজয় চক্রবর্তী সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।

 এছাড়াও বৈঠকের দিনই কংগ্রেস দলে যোগ দেন ধর্মনগর বারের দুই আইনজীবী জোসেফ হালাম ও কল্পজ্যোতি নাথ সহ যুবরাজনগর বিধানসভা এলাকার প্রাক্তন শাসকদলীয় এক পঞ্চায়েত সদস্য বলে কংগ্রেস নেতৃত্বের দাবি। নবাগতদের দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন দলের নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, আগরতলা অভিযানের আগে এই প্রস্তুতি বৈঠক সংগঠনকে আরও সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য