Tuesday, February 10, 2026
বাড়িরাজ্যলাটে উঠেছে জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা

লাটে উঠেছে জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ ফেব্রুয়ারি : স্বাস্থ্য দপ্তরের অদূরদর্শী বদলি সিদ্ধান্তে চরম সংকটে ঊনকোটি জেলার স্বাস্থ্য পরিষেবা। বিগত প্রায় এক মাস ধরে ঊনকোটি জেলা হাসপাতালে মাত্র একজন শল্য চিকিৎসক থাকায় গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার কার্যত বন্ধ হয়ে পড়েছে। অথচ এই হাসপাতালটি জেলার হাজার হাজার মানুষের শেষ ভরসার কেন্দ্র। ঊনকোটি জেলা হাসপাতালের এমএস ডা. রোহন পাল বিষয়টি স্বীকার করে জানান, বর্তমানে একজন মাত্র শল্য চিকিৎসক কর্মরত রয়েছেন। স্বাস্থ্য দপ্তরের তরফে অন্য এক শল্য চিকিৎসক ডা. চন্দন মল্লিককে নিয়োগ করা হলেও তিনি এখনও জেলা হাসপাতালে যোগ দেননি, যার ফলে চিকিৎসা পরিষেবা চালাতে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। এদিকে ডাক্তার পল্লব দেববর্মা জানান, আগে শল্য চিকিৎসক ডা. সৌরভ লোধকে আগরতলায় বদলি করা হয়।

 বিকল্প হিসেবে ডা. চন্দন মল্লিককে পাঠানোর নির্দেশ দেওয়া হলেও বাস্তবে সংকট কাটেনি। বর্তমানে একাই অস্ত্রোপচার ও জরুরি পরিষেবা সামলাতে হচ্ছে ডা. পল্লব দেববর্মাকে। তিনি জানান, ওপিডি ও আকস্মিক রোগীর চাপ সামলাতে গিয়ে একা কাজ করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ইন্ডিয়ান পাবলিক হেলথ সার্ভিস –এর নিয়ম অনুযায়ী প্রতিটি জেলা হাসপাতালে ন্যূনতম দু’জন বিশেষজ্ঞ শল্য চিকিৎসক থাকার কথা। কিন্তু সেই নিয়ম কার্যত উপেক্ষিত হওয়ায় ক্ষোভে ফুঁসছেন জেলার সাধারণ মানুষ।এই পরিস্থিতি অব্যাহত থাকলে ঊনকোটি জেলার স্বাস্থ্য ব্যবস্থার উপর আরও ভয়াবহ প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করছেন সচেতন মহল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য