স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২ ফেব্রুয়ারি : উন্নয়নের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধনে সোমবার একপ্রকার ভাবে উৎসবের রূপ নিল কিল্লা ব্লকের অন্তর্গত আথারো ভোলা এলাকায়। জনজাতি কল্যাণ ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনকে কেন্দ্র করে এদিন গোটা এলাকায় উৎসাহ ছিল দারুন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার হাত ধরে ভারচুয়েলি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। মুখ্যমন্ত্রী এদিন আথারো ভোলা অ্যাস্ট্রো টার্ফ সিন্থেটিক ফুটবল মিনি স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পাশাপাশি ভার্চুয়ালি উদ্বোধন করেন দশরথ দেব মেমোরিয়াল ইংরেজি মাধ্যম মডেল স্কুল, কিল্লা ব্লকের সঙ্গে সংযুক্ত ৫০ শয্যা বিশিষ্ট একটি জনজাতি ছাত্রী নিবাস দেবতামুড়া উচ্চ বিদ্যালয়ের সঙ্গে যুক্ত আরো একটি ৫০ শয্যা বিশিষ্ট জনজাতি ছাত্রী নিবাস এবং কিল্লায় ১০ শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও স্টাফ কোয়ার্টার। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন জনজাতি অধ্যুষিত এলাকায় শিক্ষা স্বাস্থ্য ও ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। এই প্রকল্পগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন জনজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ গড়ে তুলতেই রাজ্যজুড়ে খেলার মাঠ গড়ে তোলা হচ্ছে।
যুবসমাজকে নেশার করাল গ্রাস থেকে বের করে আনতে খেলাধুলার বিকল্প আর কিছু হতে পারে না। এদিকে রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় বলেন বিগত সরকারের আমলে খেলাধুলার পরিকাঠামো ছিল কার্যত অবহেলিত। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আকর্ষণ বাড়িয়ে তুলতে রাজ্যজুড়ে নতুন নতুন পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। উদ্বোধনী পূর্ব অনুষ্ঠান শেষে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও হয়। ধর্মীয় কীর্তনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানকে এক আনন্দঘন রূপ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী এবং অতিথিরাও এই অনুষ্ঠানে সামিল হন।

