Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যদিল্লি গেল মথা, ভোটের আগে কর্মচারী দরদ, হাতিয়ার ভাষা এবং কর্মচারী সঙ্কট

দিল্লি গেল মথা, ভোটের আগে কর্মচারী দরদ, হাতিয়ার ভাষা এবং কর্মচারী সঙ্কট

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২ ফেব্রুয়ারি :  ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে গত ২৯ জানুয়ারি দিল্লিতে গিয়ে সি.বি.এস.ই -র চেয়ারম্যান রাহুল সিনহার সঙ্গে সাক্ষাৎ করলেন তিপরা মথার পাঁচজনের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন টিটিএএডিসি-র কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, বিশ্বজিৎ কলই, ঊমাশঙ্কর দেববর্মা, দিলীপ রিয়াং এবং মানব দেববর্মা। ডেপুটেশন প্রদান করার পর সোমবার আগরতলা স্থিত একটি বিয়ে বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন। এদিন সাংবাদিক সম্মেলন করে রবীন্দ্র দেববর্মা বলেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষা রোমান হরফের দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় সি.বি.এস.ই -র চেয়ারম্যানের কাছে।

 তিনি বলেছেন যেহেতু এ বছর পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো হয়ে গেছে, তাই চলতি শিক্ষাবর্ষ থেকে সমস্যার সমাধান করা সম্ভব নয়। কিন্তু ২০২৭ সালে অর্থাৎ আগামী শিক্ষাবর্ষে তিপরা মথার দাবি অবশ্যই গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করা হবে। পাশাপাশি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হয় তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই সমস্যার সমাধানের জন্য কোনরকম চিঠি পেয়েছেন কিনা। কিন্তু চেয়ারম্যান জানিয়ে দেন এমন কোন চিঠি তিনি পাননি। অথচ গত ১৪ জানুয়ারি যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিপরা মথার প্রতিনিধি দল সাক্ষাৎ করেছিলেন তখন আশ্বস্ত করেছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে একটি চিঠি দিল্লি সিবিএসই-র চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। অথচ চিঠি পাঠানো হয়নি। এটা ঠিক হয়নি বলে দাবি করেন রবীন্দ্র দেববর্মা। পাশাপাশি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, সম্প্রতি পর্ষদ সভাপতি তথা চেয়ারম্যান অসাংবিধানিক কথা বলছেন।

তিনি বলেছেন ককবরক পরিক্ষা কেউ রোমান হরফে দিলে গ্রেফতার করা হবে। পর্ষদ সভাপতি এমন বক্তব্য ককবরক ভাষার উপর হুমকি। এভাবে দাবিয়ে রাখা যাবে না ককবরক ভাষা। এর তীব্র নিন্দা জানায় তিপরা মথা। একই সঙ্গে তিনি আরো একটি কর্মসূচি ঘোষণা দিয়েছেন এদিনের সাংবাদিক সম্মেলনে। তিনি বলেন, তিপরা মথার কর্মচারী সংগঠন তিপ্রা এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে আগামী ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি খুমুলুঙে এক সম্মেলন অনুষ্ঠিত হবে। কর্মচারীদের দেনা পাওনা এবং রাজ্যের শিক্ষক কর্মচারী সংকট নিয়ে সম্মেলনে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হবে। সম্মেলনে উপস্থিত থাকবেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। উল্লেখ্য, টিটিএএডিসি নির্বাচনের আগে তিপরা মথার হাতিয়ার হল ককবরক ভাষা এবং কর্মচারীদের দাবি-দাওয়া। যেগুলি নিয়ে বিজেপি-র সঙ্গে মাঠে ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই করতে চাইছে। যদিও এডিসি-তে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সময় মত পেনশন দিতে ব্যর্থ হয়েছে এডিসি প্রশাসন। বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতেও বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে। পাশাপাশি যেসব দুর্নীতির অভিযোগ এডিসিতে উঠেছে এবং কেন অডিট হচ্ছে না বলে বরাবরই থেকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা প্রশ্ন তুলছেন সেটারও জবাব দিতে পারছেন না তিপরা মথা পরিচালিত মথা। আবার হাতিয়ার ককবরক ভাষা এবং কর্মচারীদের জন্য দরদ। এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে এর ধারেও উপস্থিত ছিলেন তিপরা মথার নেতৃত্ব রাজেশ্বর দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য