স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জানুয়ারি: পথকুকুরের কামড়ের ঘটনা নিয়ে এ বার কেন্দ্র এবং রাজ্যগুলিকে সতর্কবার্তা দিল সুপ্রিম কোর্ট।কুকুর কাউকে কামড়ালে কিংবা কামড়ের জেরে কোনও শিশু বা বয়স্কদের মৃত্যু হলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে। এই দায়িত্ব রাজ্যের কাঁধেই পড়বে। আদালত আরো বলেছে ‘‘রাজ্যগুলি পথকুকুর সংক্রান্ত সমস্যার মোকাবিলায় কোনও কাজই করছে না।’’ সেই সঙ্গে সারমেয়প্রেমীদের শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, গোটা বিষয়টি নিয়ে তাদেরও সতর্ক থাকতে হবে। শীর্ষ আদালতের মন্তব্য, ‘‘এ ক্ষেত্রে দায়িত্ব আপনাদেরও।
শুধু পথকুকুরদের কথা ভাবলেই চলবে? মানুষের কথা ভাববেন না? কুকুরদের নিজের বাড়িতে নিয়ে যান। রেখে দিন যত্ন করে। কেন তারা বাইরে ঘুরে বেড়াবে? রাস্তা নোংরা করবে? সাধারণ মানুষকে কামড়াবে, তাড়া করবে? কুকুর কামড়ালে তার ক্ষত সারাজীবন থাকে।’’ পথ কুকুর সম্পর্কিত সুপ্রিম কোর্টের এই রায় রাজ্যেও কার্যকর করা হবে। এই বিষয়ে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পৌরহিত্য করেন মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন পুর কমিশনার সাজো ওয়াহেদ, অ্যানিমেল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কর্মকর্তা সহ কর্পোরেটরগন। আজকের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পথ কুকুরদের সেলটার হাউসে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। সেখানে তাদের রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন ব্যবস্থা করা হবে। পাশাপাশি পথ কুকুর সম্পর্কে প্রতিটি ওয়ার্ডেই সচেতনতা প্রচার করা হবে।
প্রসঙ্গত পথ কুকুরের কামড়ে প্রায় সময় জনগণকে আহত হতে দেখা যায় সে ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দান করেছেন পথ কুকুরদের রাস্তায় রাখা যাবে না। সময়সীমাও বেঁধে দিয়েছেন, সেদিকে লক্ষ্য রেখে প্রতিটি রাজ্যেই পথ কুকুরদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেদিকে লক্ষ্য রেখে আগরতলা শহর এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার। তিনি আরো বলেন, আগরতলা শহরে প্রায় ১,২০০ টি পথ কুকুর রয়েছে। সেগুলিকে সেল্টার হাউজে নিয়ে রক্ষণাবেক্ষণ নিয়েই আজকের এই বৈঠক বলে উল্লেখ করেন তিনি। তবে যতদূর জানা যায় সহসাই মাঠে ময়দানে নামতে চলেছে নিগম কর্তৃপক্ষ।

