স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জানুয়ারি :নেশার করিডোর হয়ে উঠেছে আগরতলা। সরস্বতী পূজার দিনও আগরতলা শহরে বিভিন্ন জায়গায় নেশা সামগ্রী পাচারের চেষ্টার ঘটনা সামনে এসেছে। এদিন নেশা জাতীয় কফ সিরাপ সহ তিন জনকে গ্রেপ্তার করল এ.ডি নগর থানার পুলিশ। এডি নগর থানার ওসি জানান শুক্রবার রাতে এ.ডি নগর থানার পুলিশ মধ্য প্রতাপগড় জগন্নাথ বাড়ি রোড এলাকায় মোবাইল ডিউটি করার সময় দুইজন পুরুষ ও একজন মহিলাকে সন্দেহ জনক ঘুরাঘুরি করতে দেখে।
স্থানীয়দের সহযোগিতা নিয়ে পুলিশ তাদেরকে আটক করে। তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় নেশা জাতীয় কফ সিরাপের বোতল। পরবর্তী সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করা হয় নেশা জাতীয় কফ সিরাপের বোতল গুলি। মোট ৬৩ বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় তিন জনকে। ধৃতরা হল নারায়ণ বর্মণ, বাড়ি সুভাষ নগর, জিতেন্দ্র কুমার, বাড়ি বিহার এবং নন্দিনী দেবী, বাড়ি বিহার। ধৃতদের শনিবার আদালতে সোপর্দ করে এডি নগর থানার পুলিশ।

