স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জানুয়ারি : পিকনিক থেকে ফেরার পথে রাজধানীর গোয়ালাবস্তি ভিআইপি রোডে দুর্ঘটনার কবলে পড়ল দিল্লী ওয়ার্ল্ড পাবলিক স্কুলের বাস। আহত একাধিক। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার ছুটির দিন থাকায় দিকে দিকে বেশ জমজমাট পিকনিক চলছিল সকাল থেকেই। সন্ধ্যা নাগাদ দিল্লী পাবলিক স্কুলের টি আর ০৮ ১২৪১ নম্বরের গাড়িটি পিকনিক থেকে ফেরার সময় গোয়ালা বস্তি এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার মাঝে থাকা ডিভাইডারের মধ্যে ধাক্কা দেয়।
ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। পথচারীরা আহতদের উদ্ধারের কাছে হাত লাগায়। খবর পেয়ে এনসিসি থানার পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতাল পাঠানোর বন্দোবস্ত করে। অনেকের অভিযোগ আহতদের উদ্ধার করার পর দেখা যায় গাড়ির মধ্যে অধিকাংশই মদমত্ত অবস্থায় ছিল। অতিরিক্ত উম্মাদনার কারণে এই দুর্ঘটনা বলে মনে করছে প্রত্যক্ষদর্শীরা।

