স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জানুয়ারি :শুক্রবার আগরতলা পুর নিগমের ৩১ নং ওয়ার্ডের কার্যালয়ের নয়া ভবন নির্মাণের জন্য ভূমি পূজা ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ৪৩ লক্ষ টাকা ব্যয়ে ১,১০০ স্কয়ার ফুট জায়গার উপর এই দ্বিতল ভবন নির্মান করা হবে। আগামী দুর্গাপূজার আগেই নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। পুর নিগমের বেশ কিছু ওয়ার্ড অফিস জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেই গুলিকে সংস্কার করার লক্ষ্যে ইতিমধ্যে ১৫ টি নতুন ওয়ার্ড অফিস নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে কিছু কিছু ওয়ার্ড অফিস নির্মাণের কাজ শেষ হয়ে গেছে। বাকি অফিস গুলি নির্মাণ হয়ে গেলে নাগরিক পরিসেবা প্রদানে সহায়তা হবে বলে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বক্তারা উল্লেখ করেন। এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, বাপি দাস, অঞ্জনা দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন অনেক পরিশ্রমের পর নতুন সরকার ২০১৮ সালে ত্রিপুরা রাজ্যে পথ চলা শুরু করেছে। ২০২১ সালের মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে বর্তমান আগরতলা পুর নিগমের পথ চলা শুরু হয়েছে। লক্ষ্য হল নাগরিক পরিষেবা প্রদান করা। নাগরিক পরিষেবা প্রদানের অঙ্গিকার নিয়ে কাজ শুরু করেন মেয়র দীপক মজুমদার।

