স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জানুয়ারি : বনমালীপুর রাম ঠাকুর সেবা মন্দিরের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে ৯ জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি আট দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ১৯৭৭ সালে শ্রী শ্রী রাম ঠাকুর স্বরূপ চতুর্থ মোহন্ত মহারাজের আদেশ ও নির্দেশে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। শনিবার ভক্তদের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনমালীপুর স্থিত শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে রবিবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাম ঠাকুর মহন্ত মহারাজ কালিপদ চক্রবর্তী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে সহ অন্যান্যরা। স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে বলেন, রাম ঠাকুরের আশীর্বাদ থাকলে জীবনে অনেক কিছুই অর্জন করা যায়। সারা রাজ্যে রাম ঠাকুরের হাজার হাজার ভক্ত রয়েছে। এ রাজ্যে বর্তমানে ৯২ টি রাম ঠাকুরের মন্দির আছে। এই মন্দির প্রথম অবস্থায় বেড়ার ঘর ছিল। বর্তমানে পাকা ঘরে পরিণত হয়েছে। এই মন্দিরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়। শনিবার ভক্তদের নিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে নয় থেকে দশ হাজার ভক্ত মিছিলে অংশ নেয়। তিনি আরো বলেন, ঠাকুরের নজর সকলের উপর রয়েছে। কোন ভক্তকে কোন কিছুর জন্য দাবী করতে হয় না। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন রক্তদানের চেয়ে বড় কোন দান হয় না। মানব সেবাই হল প্রধান ধর্ম। সারা বছর সেবামূলক কাজকর্ম করে থাকে এ রাম ঠাকুর মন্দির কর্তৃপক্ষ। যা অত্যন্ত প্রশংসনীয় বলে জানান তিনি। পাশাপাশি এদিন রক্তদানের পর ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়।

