স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জানুয়ারি : শুক্রবার সকালে অরুন্ধতীনগর পুলিশ লাইন পরিদর্শনে গেলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর। তিনি পরিদর্শনে গিয়ে পুলিশ আবাসনের পরিকাঠামো ঘুরে দেখেন। তারপর তিনি পুলিশ হাসপাতালের পরিকাঠামোও ঘুরে দেখেন। কথা বলেন কর্মীদের সঙ্গে। যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি দেখবেন বলে আশ্বাস দেন। তারপর পুলিশ লাইনে থাকা বিভিন্ন থানার জন্য নতুন আরটিকা গাড়িগুলি পরিদর্শন করেন। আগামী কয়েকদিনের মধ্যে এই গাড়িগুলি বিভিন্ন থানাতে হস্তান্তর করা হবে।
পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশক বলেন, এই পুলিশ হাসপাতালটি দীর্ঘ পুরনো। পুলিশ হাসপাতালে এসে পুলিশ কর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও পরিষেবা নেয়। যার জন্য হাসপাতালে সমস্ত পরিকাঠামো সঠিকভাবে রয়েছে কিনা সেটা দেখতে তিনি পরিদর্শনে এসেছেন। সংবাদমাধ্যমকে তিনি আরো জানান, ত্রিপুরা পুলিশ যাতে কোন ঘটনার পর সাথে সাথে পৌঁছাতে পারে তার জন্য আধুনিক এবং উন্নত মানের গাড়ি প্রত্যেক থানায় প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মার্চের মধ্যে সমস্ত গাড়ি ক্রয় করা হবে। তারপর মার্চ ও এপ্রিলের মধ্যেই সমস্ত থানায় একটি করে নতুন গাড়ি দেওয়া হবে বলে জানান তিনি।

