স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মে :রাজ্যের ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অধিকার ও বিভিন্ন নথিপত্র সংশোধনের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করল এন.এস.ইউ.আই এবং স্বভিমান সামাজিক সংস্থা। সংগঠনগুলির অভিযোগ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ট্রান্সজেন্ডার শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, মার্কশিট সংশোধনের জন্য আবেদন করলেও তা খারিজ করে দিয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ।
এই সিদ্ধান্তের প্রতিবাদে এদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ চলে তাদের বিক্ষোভ কর্মসূচি। খবর পেয়ে ছুটে আসে এনসিসি থানার পুলিশ। পুলিশ পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনার পর পর্ষদের সভাপতির কাছে ডেপুটেশন প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনগুলির দাবি ট্রান্সজেন্ডার পারসন্স অ্যাক্ট ২০১৮ অনুযায়ী ট্রান্সজেন্ডার ব্যক্তিদের পরিচয়পত্র ও গেজেটের ভিত্তিতে সকল সরকারি নথি সংশোধনের আইনি অধিকার রয়েছে, তাই শিক্ষাগত নথিপত্র সংশোধনের ক্ষেত্রেও সেই অধিকার নিশ্চিত করতে হবে।

