স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জানুয়ারি :সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই হবে টিটিএএডিসি নির্বাচন। এডিসির ২৮ টি আসন দখল করতে মরিয়া ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যে জাতীয় স্তরের নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের আগমন শুরু হয়ে গেছে রাজ্যে। নির্বাচনে বিজেপির বিরোধী দল হতে চলেছে তিপরা মথা। তাই ইতিমধ্যেই লড়াই কৌশল সাজাতে ব্যস্ত গেরুয়া শিবির। মঙ্গলবার সকালে উদয়পুর মাতারবাড়িতে পূজা অর্চনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুর্গাদাস উইক।
পূজা শেষে তিনি রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ উন্নয়ন কামনা করেন। মন্দির দর্শনের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গোমতী জেলা সার্কিট হাউসে পৌঁছে জনজাতি মোর্চার জেলা ও প্রদেশ স্তরের নেতৃত্বের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জনজাতি সমাজের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক বিস্তার ও বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর তিনি জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠকে বসেন। বৈঠকে গোমতী জেলার চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের সময়মতো ও স্বচ্ছতার সঙ্গে প্রকল্পগুলি বাস্তবায়নের নির্দেশ দেন বলে জানা গেছে। দিনভর এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব লক্ষ্য করা যায়।

