স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জানুয়ারি : সোমবার এক ধাক্কায় পারদ নামল প্রায় চার ড্রিগ্রী। এদিন দিনভর ছিল হাড় হিম করা শীত। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৮.৬° সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। দিনভর কুয়াশার চাদরে ঢাকা ছিল আকাশ।
দিনভর সূর্যের দেখা যায়নি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৮.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১.০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এদিন সকাল থেকেই সাধারণ মানুষকে উষ্ণতার ছোঁয়া লাগাতে আগুন পোহাতে দেখা যায়। দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝে এই দৃশ্যটা শীতকালের একটা স্বাভাবিক দৃশ্য বলেই ধরে নেওয়া যেতে পারে। আগামী ২৪ ঘন্টায় পশ্চিম জেলা, খোয়াই জেলা, সিপাহীজলা জেলা, গোমতী জেলা এবং দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। প্রচন্ড ঠান্ডা আবহাওয়ার কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এদিন সামাজিক মাধ্যমে সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুলগুলো ৬ জানুয়ারি থেকে দশ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এক্ষেত্রে কচিকাঁচাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তির বাতাবরণ লক্ষ্য করা যাবে।এর আগে এডিসি প্রশাসন এডিসি আওতাধীন স্কুলগুলো ১৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

