স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ডিসেম্বর : আসন্ন এডিসি নির্বাচনের আগে আঞ্চলিক দলগুলি থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের হিড়িক চলছে। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের পর যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-র সাধারণ সম্পাদক তথা জনজাতি মোর্চার নেতৃত্ব বিপিন দেববর্মা। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, বিনা আন্দোলনে এডিসিতে উন্নয়ন চলছে। তাই মানুষ ভারতীয় জনতা পার্টি উপর আস্থা রেখে অন্যান্য রাজনৈতিক দল থেকে যোগদান করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের ধারায় উদ্বুদ্ধ হয়ে প্রতিদিন দলে যোগদান করছেন। তিপরা মথা ও আইপিএফটি ছেড়ে বিজেপিতে এসেছেন বাপী রূপিণী, মণিমালা দেববর্মা, সুমিতি দেববর্মা, প্রভারানি দেববর্মা, বুধিরাম দেববর্মা। তাদের নেতৃত্বে মোট ৭২ পরিবারের ২৪৬ ভোটার যোগ দিয়েছেন এদিন। তাদের বরণ করে নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাপি রূপিণী। তিনি তিপরা মথার হয়ে দিল্লি পদযাত্রায় শামিল হয়েছিলেন গত কয়েক মাস আগে। তিনি আজ যোগদান করে বলছেন, তিপরা মথা মুখে একরকম, ভেতরে অন্যরকম। উপরে তারা থানসা বলে দাবি করছে। কিন্তু নিজেদের মধ্যে দলের ভেতর লড়াই চলছে। গত পাঁচ বছরে এডিসিতে কোন উন্নয়ন হয়নি। জাতির নামে ও সমাজের নামে রাজনীতি করছে এবং শুধু দুর্নীতি করছে। অথচ বিনা আন্দোলনে এডিসি -তে উন্নয়নমূলক কাজ করছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। এমনটাই বলেন বিপিন দেববর্মা।

