স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ ডিসেম্বর : তিপরা মথার সাথে এক ঘরে বিজেপি-র সংসার করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এক দল অন্য দলকে আক্রমণ করার কোনোরকম সুযোগ হাতছাড়া করছে না। শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে হবে প্রদেশ বিজেপির বড় যোগদান শিবির। গত ২৭ নভেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে শক্তি প্রদর্শন করেছে ওয়ান নর্থ ইস্ট নাম দিয়ে তিপরা মথা। এই শক্তি প্রদর্শনকে পাল্টা চ্যালেঞ্জ করতে চলেছে বিজেপি। শনিবার আয়োজিত হবে যোগদান কর্মসূচি।
এই কর্মসূচি নিয়ে শুক্রবার রবীন্দ্র ভবনের সামনে মঞ্চ পরিদর্শনে গিয়ে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেন, এদিন তিপরা মথা ও সিপিআইএম থেকে প্রায় ১৭০০ পরিবারের ৫ হাজার ভোটার যোগ দেবে ভারতীয় জনতা পার্টিতে। পাশাপাশি ২৫ হাজার কর্মী সমর্থক অংশ নেবে যোগদান শিবিরে। এই যোগদান শিবিরের মাধ্যমে বুঝতে পারবে ভারতীয় জনতা পার্টি কতটা শক্তিশালী। যারা চ্যালেঞ্জ করছে তারা বলতে পারবে ভারতীয় জনতা পার্টি কতটা শক্তিশালী। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নাম না করে আরো বলেন, ছোট নেতা বলে প্রতিক্রিয়া দেবে না বলেছেন, সেটা উনার মুখে শোভা পায়। পাল্টা আরো বলেন নিশ্চয়ই তিনিও দিল্লি থেকে বাক্স ভরে টাকা পায় বলে রাজনীতি করেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির লক্ষ্য মানুষের জন্য কাজ করা, নির্বাচনে জয়ী হওয়ার জন্য নয়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো পয়সার জন্য দলের নাম বদল করে গত ২৭ নভেম্বর আগরতলায় জনসমাবেশ করেছে। সুতরাং তারা একটা কোম্পানির মতো। দেউলিয়া হয়ে গেলে আরেকটা কোম্পানি খুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে অহংকার পতনের নিশ্চিত। ২০২১ সালে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের এডিসিতে জনগণ স্বাগত জানিয়েছিল সেটা পূরণ না হওয়ায় আসন্ন নির্বাচনে বিসর্জন দিয়ে দেবে।

