স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ডিসেম্বর : অবশেষে হাইকোর্ট থেকে জামিনে জেল হেপাজত থেকে মুক্তি পেলেন ৪ সিপিআইএম কর্মী। গত ১০ নভেম্বর রাজধানীতে সিআইটিইউ-র সভায় অংশ গ্রহণের জন্য সমগ্র রাজ্য থেকে সিপিআইএম কর্মীরা আগরতলা শহরে আসে। আগরতলা শহরের রাস্তায় জ্যাম থাকার কারনে বহু সিপিআইএম কর্মী উড়াল পুল দিয়ে পায়ে হেটে সভায় যোগদান করেন।
উড়াল পুল দিয়ে পায়ে হেটে সভায় আসার অভিযোগে পরবর্তী সময় গ্রেপ্তার করা হয় চার সিপিআইএম কর্মিকে। নিম্ন আদালতের নির্দেশে তাদের ঠাই হয় বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে। এই চার সিপিআইএম কর্মীর পক্ষ থেকে হাইকোর্টে জামিনের জন্য আবেদন করা হয়। সোমবার হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করে। হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর হওয়ার পর সোমবার রাতেই তারা জেল থেকে মুক্তি পায়। বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের মূল ফটকের সামনে জেল হেপাজত থেকে জামিনে মুক্তি পাওয়া ৪ সিপিআইএম কর্মিকে ফুলের মালা পড়িয়ে স্বাগত জানান সিপিআইএম নেতৃত্ব।

