স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ডিসেম্বর : পাহাড়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাটা হয়ে দাঁড়ালেন প্রাক্তন সংসদ রেবতী ত্রিপুরা। এডিসি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় জনজাতি মোর্চার সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে শনিবার বিজেপির জেলা কার্যালয়ের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মোট ছয়টি মন্ডল নিয়ে এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় পৌরহিত্য করেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার।
এছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার জেলা সভাপতি বিশ্বজিত রুপিনী, এমডিসি ভূমিকা নন্দ রিয়াং সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। সভায় ১৪ পরিবারের ৬১ জন ভোটার প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার হাত ধরে বিজেপি দলে যোগদান করেন। প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বক্তব্য রেখে বলেন, বেশি লোক দেখানো ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য নয়। ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য কিভাবে বিজেপিতে বেশি লোক যোগদান করানো যায়। তিনি আরো বলেন, জনজাতি মোর্চার কর্মসূচি হতেই পারে। কিন্তু এই যোগদান প্রদেশ বিজেপি-র।
প্রাক্তন সংসদ আরো বলেন, আগামী ১০ ডিসেম্বর আগরতলায় যে মেগা যোগদান সভা অনুষ্ঠিত হতে চলেছে সেখানে যারা যাবে তাদের নাম, বুথ, গাড়ির নম্বর এবং পরিবারের প্রধান সদস্যের নাম পর্যন্ত তালিকায় লিখে রাখতে হবে। যাতে বিরোধীদের যোগদান নিয়ে প্রশ্ন তুলতে না পারে। পরে এক সাক্ষাৎকারে প্রাক্তন সংসদ আরো জানান, মানুষ বুঝতে পেরেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই প্রকৃত উন্নয়ন সম্ভব। এছাড়া আর কোন উপায় নেই। তিপরা মথা তাদের অনেক স্বপ্ন দেখিয়েছে। এখন তারা সদিচ্ছায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। একই সাথে গত কয়েকদিন বিভিন্ন কর্মসূচিতে গিয়ে প্রাক্তন সাংসদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো বলেছেন, জনজাতি এলাকার জন্য রাবার স্মোক হাউস করতে ৩৫-৪০ কোটি টাকার কোন হিসেব নেই। একটিও রাবার স্মোক হাউস হয় নি। কেন্দ্র ও রাজ্য সরকার যে অর্থ এডিসির জন্য প্রদান করছে সেই অর্থের হিসাব দিতে চায় না। এছাড়াও যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি কিছুই রক্ষা করেনি। এমনটাই দাবি করছেন তিনি।

