স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ নভেম্বর : ডুম্বুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার বিজয়ী মহিলার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে শনিবার। গত আড়াই মাসে নৌকা বাইচ প্রতিযোগিতার পুরষ্কার না দেওয়ায় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বঞ্চিত মহিলা সহ তার পরিবারের লোকজন ও এলাকাবাসী। তাদের কাছ থেকে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর গন্ডাছড়া মহকুমার নারিকেল কুঞ্জে ডুম্বুরের জলাশয়ে এডিসি’র মৎস্য দপ্তরের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছিল। প্রত্যেক বছর এই প্রতিযোগিতা হয়।
প্রথম পুরষ্কার দেওয়া হয় ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এবছর প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার আড়াই মাসেও বিজয়ীদের পুরষ্কারের অর্থরাশি দেওয়া হয়নি বলে অভিযোগ। তাই বঞ্চিতরা এদিন গন্ডাছড়া মহকুমা মৎস্য দপ্তরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তাদের প্রশ্ন হল এডিসি প্রশাসনের কি টাকা ফুরিয়ে গেছে ? তা নাহলে গরীব মানুষের সঙ্গে এই ধরণের আচরণ কেন ? বিষয়টি জেলা শাসকের দৃষ্টিতে আনতে চায় তারা। জেলা শাসককে মহকুমা মৎস্য দপ্তরের কার্যালয়ে এসে জবাব দিতে হবে। নাহলে তালা খোলা হবে না বলে জানিয়ে দেন তারা।

