স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ নভেম্বর : সাব্রুম মহকুমার অন্তর্গত কলাছড়া থাইলিক তুইসা রেল স্টেশনে যাত্রীরা এবং স্টেশনে ই-রিক্সা চালকরা গেলে দেখতে পায় রেল স্টেশনের মূল ফটক এবং দ্বিতীয় ফটক তালা। টিকেট কাউন্টারও বদ্ধ। তা দেখে যাত্রীরা এবং ই রিক্সা চালকরা ক্ষোভে ফেটে পড়েন। জানা যায়, স্টেশনের আগেও অনেকবার যাত্রীরা এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
এমন পরিস্থিতির শিকার হয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। আরো অভিযোগ করেন এই স্টেশনের মধ্যে অবৈধভাবে বাইক পার্কিং করা হয়। এতে দুর্ভোগের শিকার হয় বলে অভিযোগ যাত্রীদের। উল্লেখ্য, এলাকায় কান পাতলে শোনা যায় কিছু যুবক এসে বিভিন্ন সময় রেলস্টেশনের মধ্যে নেশার আসর বসানোর চেষ্টা করে। যার কারণে স্টেশন কর্তৃপক্ষ রেল চলে যাওয়ার পর ফটকের তালা ঝুলিয়ে দেয়। যাতে স্টেশনের পরিস্থিতি স্বাভাবিক থাকে। নাহলে অপরাধমূলক কার্যকলাপও সংঘটিত হতে পারে বলে আশঙ্কা। কিন্তু এ বিষয়টি মানতে নারাজ তথাকথিত সচেতন মহল। নিজেদের মর্জি মাফিক না হলে অভিযোগ তুলতে দ্বিধাবোধ করে না।

