স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ নভেম্বর : শনিবার খুমুলুঙে জনজাতি গৌরব দিবসের মূল অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুম্পুই একাডেমি প্রাঙ্গণে হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, ১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাতে জনজাতিদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব হয়। ১৮৭৫ সালে ১৫ নভেম্বর ভগবান বিরসা মন্ডার জন্ম হয়েছিল। তাই এই গুরুত্বপূর্ণ দিনটিকে জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা আন্দোলনে জনজাতিদের ভূমিকা ছিল।
সেটাই জনজাতি গৌরব দিবস থেকে উত্থাপন করা হয়। মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকারের আমলে জনজাতি অধ্যুষিত এলাকার আর্থ, সমাজিক মান উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন আজকের দিনটি জনজাতি অংশের মানুষের জন্য একটা গৌরবময় ইতিহাস। মুখ্যমন্ত্রী আর বলেন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে স্বাধীনতা আন্দোলনকারী বীরসা মুন্ডার গুরুত্ব তুলে ধরা হয়। মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠান থেকে জনজাতিদের স্বার্থে বেশ কিছু ঘোষণা দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যের ৩৪ হাজার ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাস রয়েছে। চলতি অর্থবছরে ছাত্র-ছাত্রী নিবাসী ২৭০০ আসন বৃদ্ধি করা হবে। ছাত্রাবাস বৃত্তির পরিমাণ বর্তমানে দৈনিক ৮০ টাকা, সেটা বৃদ্ধি করে ১০০ টাকা করা হবে। চলতি অর্থবছরের ডিসেম্বর মাস থেকে এই সুবিধা পাবে ছাত্র ছাত্রীরা। এর জন্য চলতি অর্থবছরে ৮ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয় হবে এবং আগামী অর্থবছরে ২৩ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয় হবে। আগরতলা অভয়নগরে কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য ১০০ শয্যা বিশিষ্ট একটি ছাত্রাবাস গড়ে তোলা হবে।
এর জন্য ব্যয় হবে ৫ কোটি ৭৪ লক্ষ টাকা। সরকার চায় জনজাতি ছেলে-মেয়েরাও যাতে খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে যায়। তার জন্য অন্যতম সিদ্ধান্ত হলো, এ বছর থেকে এনজিও দ্বারা পরিচালিত হোস্টেল গুলিকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে। এর জন্য ৯০ লক্ষ টাকা ব্যয় করা হবে। ৭০ টি সরকারি এস.টি হোস্টেলে স্মার্ট ক্লাস সুবিধা চালু করা হবে। এর জন্য ২ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয় হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, ৫০০ টি বিদ্যুতিক অটো জনজাতিদের মধ্যে দেওয়া হবে। এতে ২০ কোটি টাকা ব্যয় হবে। একে সঙ্গে গাড়ির সমস্ত কাগজপত্রের জন্য সহযোগিতা করা হবে। তিন কোটি টাকা ব্যয় করে সুতো বিতরণ করা হবে জনজাতি মহিলাদের। সরকারের এই উদ্যোগগুলি গ্রহণ করার পেছনে মূলত কারণ হলো জনজাতিদের ছাড়া দেশ এবং রাজ্যের উন্নয়ন সম্ভব নয় বলে জানান মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সান্তনা চাকমা, মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিক। সেদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে জনজাতিদের বিভিন্ন সম্মানীয় কাজকর্মের জন্য সম্মাননা প্রদান করা হয়।

