স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ নভেম্বর :শনিবার অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য চ্যাপ্টারের ১৯ তম বার্ষিক রাজ্য সম্মেলনের উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে সম্মেলনের উদ্বোধন হয়েছে। আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের কে.এল.এস অডিটোরিয়ামে প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য সরকার বদ্ধপরিকর।
একাধিক নতুন পরিকল্পনা গ্রহণ করে সরকার কাজ করে চলেছে। ত্রিপুরা রাজ্যে একটা সময় এমবিবিএস-এর আসন সংখ্যা খুবই কম ছিল। রাজ্যের ছেলেমেয়েদের কথা চিন্তা করে বর্তমানে এমবিবিএস-এর আসন সংখ্যা ৪০০ টি করা হয়েছে। নতুন করে টিএমসি-তে আরও ৫০ টি আসন বৃদ্ধি করার অনুমোদন পাওয়া গেছে। বহিঃরাজ্য থেকে বিনিয়োগকারিরা রাজ্যে আসছে বর্তমানে। ত্রিপুরা রাজ্যের মেডিক্যাল কলেজ গুলিতে কোন অবস্থায় যেন ফলাফল খারাপ না হয় সেই দিকে নজর রাখতে হবে। ৫ নভেম্বর আর.কে নগরে সিজা হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। চার ধাপে তারা ৯০০ কোটি টাকা বিনিয়োগ করবে। সিজা হাসপাতালের সহযোগিতায় জিবি হাসপাতালে ৫ জন রোগীর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। লিভার সহ অন্যান্য অঙ্গ প্রতিস্থাপনের জন্য মোহন ফাউন্ডেশনের সাথে মৌ স্বাক্ষর করা হয়েছে। রাজ্যের চিকিৎসকদের টেকনিক্যাল জ্ঞান যেন বৃদ্ধি পায় তার জন্য দুই জন চিকিৎসককে বহিঃরাজ্যে প্রেরন করার ব্যবস্থা করা হয়েছে। রামকৃষ্ণ মিশনের সাথে মৌ সাক্ষর করা হয়েছে। যাতে করে ত্রিপুরা রাজ্যের রোগীদের ভালো চিকিৎসা পরিষেবা প্রদান করা যায়। মুখ্যমন্ত্রী আরও বলেন, জেলা ও মহকুমা হাসপাতাল গুলিতে চিকিৎসা পরিষেবা উন্নত করার কাজ চলছে।
বিভিন্ন জেলা হাসপাতালে ইতিমধ্যে ট্রমা কেয়ার সেন্টার চালু করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে বর্তমানে শিশু মৃত্যুর হার অনেকটা হ্রাস পেয়েছে। যক্ষ্মা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সকলে এক সাথে কাজ করছে। ত্রিপুরা রাজ্যে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান নেশার বিরুদ্ধে আপোষ হীন নিতি নিয়ে কাজ করছে সরকার। নেশাকারবারিদের আটক করে সাজার আওতায় নিয়ে আসা হচ্ছে। ড্রাগসের নেসায় আসক্তদের জন্য বিশ্রামগঞ্জে আধুনিক মানের নেশা মুক্তি সেন্টার নির্মাণের জন্য ভুমি পূজা করা হয়েছে। এখনো পর্যন্ত ২ হাজার ১৮৩ জন রাজ্যে এইডস-এ আক্রান্ত হয়েছে। তাদেরকে রাজ্য সরকার মাসে ২ হাজার টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে। এইডস আক্রান্তদের চিহ্নিত করার জন্য স্কিনিং-এর কাজ চলছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্তে, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যরা।

