স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ অক্টোবর : স্কুটি ও টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর। ঘটনা কৈলাশহরের পাইতুর বাজার এলাকায়। মৃত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর নাম কানন চন্দ্র দেবনাথ। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সন্ধ্যায় কানন চন্দ্র দেবনাথ নিজের স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হন পাইতুর বাজার যাওয়ার উদ্দেশ্যে। পাইতুর বাজার যাওয়ার সময় একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে কানন চন্দ্র দেবনাথের। এতে গুরুতর ভাবে আহত হন কানন চন্দ্র দেবনাথ।
দুর্ঘটনাগ্রস্ত টমটমের চালক আহত কানন দেবনাথকে ঘটনার সাথে সাথে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু সময় বাদে মৃত্যু হয় কানন চন্দ্র দেবনাথের। মঙ্গলবার ময়না তদন্তের পর কানন চন্দ্র দেবনাথের মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে কৈলাশহরে নেমে এসেছে শোকের ছায়া।

