স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ অক্টোবর : রাজ্যে চলছে সুশাসন। রাতারাতি রামাবলি পাল্টিয়ে মন্ডলের দোহাই দিয়ে পুরনো কিছু ক্যাডার হয়ে গেছে বর্তমানে রাষ্ট্রবাদী মাফিয়া। দিকে দিকে প্রতিদিন তাদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে পড়ছে সাধারণ মানুষ। মানুষের মুখেমুখে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি যে অভিযোগ সামনে এসেছে সেটা হলো বিশ্রামগঞ্জ বাজার এলাকায়। পুলিশের সামনেই গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে মাতাবাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া নারী, পুরুষ থেকে শুরু করে শিশুদের পর্যন্ত।
ঘটনার সূত্রপাত বাইকের সাথে গাড়ির ধাক্কা লেগেছিল। তারপর স্থানীয় কিছু গুন্ডা বাহিনী সেই গাড়িটির পিছু করে। বিশ্রামগঞ্জ এলাকায় গাড়িটিকে আটক করে বেধড়ক মারধর করে সকলকে। ভিডিও ফুটেছে লক্ষ্য করা গেছে সেখানে উপস্থিত ছিল ট্রাফিক পুলিশ এবং টিএসআর জওয়ান। সবটাই তাদের সামনে সংঘটিত হলেও দুর্ভাগ্যের বিষয় ঘটনার পর পুলিশ হাত-পা ঝারা দিয়েছে। তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেয় নি। আক্রান্ত পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলেও অবশেষে শুক্রবার রাতে একজনকে জালে তুলতে পেরেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। অভিযুক্তের নাম বাপ্পা দেবনাথ। ঘটনার পর যখন মামলা হয়েছিল তখন থেকে আগরতলা এক বেসরকারি হোটেলে গা ঢাকা দিয়ে ছিল এই অভিযুক্ত গুন্ডা। তার সাথে জড়িত রয়েছে আরো কয়েকজন কুখ্যাত গুন্ডা। পুলিশ জানিয়েছে বাকি অভিযুক্তদের জন্য তদন্ত চলছে। ধৃত ব্যক্তিকে বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
তারা এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। কিন্তু সংবাদ মাধ্যম ঘটনার দিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছে। মুখ্যমন্ত্রীও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন তাদের কোন শিক্ষা দীক্ষা নেই। দীর্ঘদিন ধরে তার এই ভাবেই চলে আসছে। সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছিলেন শুক্রবার। বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তার করার জন্য পুলিশের দিকে তাকিয়ে আছে রাজ্যবাসী। কারণ এই গুন্ডা বাহিনী বিশ্রামগঞ্জ বাজার এলাকার দীর্ঘ পুরনো। তাদের যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ। বিশ্রামগঞ্জ বাজারে সেদিন ঘটনার পর থেকেই এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে আছে। মানুষ প্রশ্ন তুলছে কোথায় সুশাসন? এমন দুঃশাসন তৈরি হওয়ার পর কেন পুলিশ প্রশাসন করা পদক্ষেপ গ্রহণ করছে না?

