স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ সেপ্টেম্বর : রবিবার দুপুরে হেজামারা কমিউনিটি হলে বিজেপি দলের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে সাংসদ বিপ্লব কুমার দেব উপস্থিত থাকার কথা ছিল। সাংসদ বিপ্লব কুমার দেব সেখানে উপস্থিত হওয়ার আগে তিপ্রা মথা আশ্রিত দুষ্কৃতিরা অতর্কিত হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকদের উপর। তিপ্রা মথা আশ্রিত দুষ্কৃতিদের আক্রমণে গুরুতর ভাবে আহত হন বিজেপি-র জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশের সহ-সভাপতি মঙ্গল দেবর্বমা সহ একাধিক বিজেপি কর্মী।
সাথে সাথে আহতদের মোহনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মঙ্গল দেববর্মা সহ বেশ কয়েকজনকে জিবি হাসপাতালের রেফার করা হয়েছে। তাদের আঘাত গুরুতর। খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে গেলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি আহতদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকেও আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংসদ বিপ্লব কুমার দেব বলেন, এই ঘটনা স্থানীয় বিধায়ক কিংবা বিজেপি-র কেউ জড়িত নয়। যারা এই ঘটনা সংঘটিত করেছে তারা সমাজদ্রোহী। এ ধরনের মানসিকতা সম্পন্ন মানুষের শাস্তি হওয়া প্রয়োজন। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় আহতদের মামলা করতে বলা হয়েছে। বিপ্লব কুমার দেব আরো জানিয়েছেন, যারা এই ঘটনা সংঘটিত করেছে তারাও তিপ্রাসা। নিজেদের মধ্যে এই ধরনের ঘটনা ঠিক নয়। সরকার জাতি জনজাতি সব অংশের মানুষকে সমান দৃষ্টিতে দেখে। সকলের মানসিকতা এক হওয়া প্রয়োজন।

