স্যন্দন ডিজিটাল ডেস্ক, ৯ সেপ্টেম্বর।। নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের বিরুদ্ধে তরুণদের বিক্ষোভে রক্তক্ষয়ী সহিংসতার পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার সন্ধ্যায় নেপালি কংগ্রেস প্রেসিডেন্ট শের বাহাদুর দেউবার বাসভবনে এক বৈঠকে দলের নেতাদেরকে পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি।
এরপর প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি’র বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে রমেশ পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে নেপালের পত্রিকা ‘দ্য কাঠমান্ডু পোস্ট’। বৈঠকে উপস্থিত থাকা এক মন্ত্রী জানান, বিক্ষোভে ১৯ জনের প্রাণহানি এবং ৪০০ জন আহত হওয়ার ঘটনায় নৈতিক কারণে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। রমেশ লেখক ২০২৪ সালের ১৫ জুলাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন।
সোমবার পদত্যাগের কথা জানিয়ে কাঠমাণ্ডুর স্থানীয় সংবাদমাধ্যম অনলাইন খবর–কে তিনি বলেন, “আজকের বিক্ষোভে বহু প্রাণহানি হয়েছে। তার নৈতিক দায় আমারই। নৈতিকতার খাতিরে আমি পদে থাকতে চাই না।”
নেপাল সরকার ফেইসবুক, ইউটিউব, এক্সসহ বড় বড় সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। পরে তা দুর্নীতি বিরোধী আন্দোলনেও রূপ নেয়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। অন্যদিকে, বিক্ষোভকারীরা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়, ব্যারিকেড ভাঙে, পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হয়। কাঠমান্ডুর সিভিল হাসপাতালের তথ্য কর্মকর্তা রঞ্জনা নেপাল জানান, জরুরি বিভাগে আহত বিক্ষোভকারীদের ভিড়ে চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে।
সহিংসতার জেরে প্রশাসন সংসদ, রাষ্ট্রপতির বাসভবন এবং সিংহদরবারসহ গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে।

