স্যন্দন ডিজিটাল ডেস্ক, ৩০ আগস্ট।। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে শুরুর আগ মুহূর্তে বড় এক দুঃসংবাদ পেয়েছে জিম্বাবুয়ে। চোটের ছোবলে এই ম্যাচ তো বটেই, পরের ওয়ানডেতেও নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভাইনকে পাবে না তারা।
হারারেতে শুক্রবার শুরু হয়েছে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার দুই ম্যাচের ওয়ানডে সিরিজ। মাঠের লড়াই শুরুর আগে বিবৃতি দিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট জানায়, পায়ের পেশির চোটে ভুগছেন আরভাইন। তার অনুপস্থিতিতে এই সিরিজে জিম্বাবুয়ের নেতৃত্ব পেয়েছেন দলটির অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস। আরভাইন চোট পান বৃহস্পতিবার। পরে এমআরআই স্ক্যানে ধরা পড়ে তার দুই পায়ের পেশির সমস্যা। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৮ ওয়ানডে খেলেছেন আরভাইন। ৪ সেঞ্চুরি ও ২৩ ফিফটিতে রান করেছেন ৩ হাজার ৬০০, তার ব্যাটিং গড় ৩৩.০২। নিউ জিল্যান্ডের বিপক্ষে হারারেতে ২০১৫ সালে খেলা ১৩০ রানের ইনিংস তার ক্যারিয়ার সেরা। এই সিরিজ দিয়ে দীর্ঘ চার বছর পর ওয়ানডেতে ফিরেছেন ব্রেন্ডন টেইলর। আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে, অবসর ভেঙে চলতি মাসের শুরুতে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। এই ম্যাচের আগ পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে ২০৫ ওয়ানডে খেলে ৬ হাজার ৬৮৪ রান করেছেন টেইলর। সাবেক জিম্বাবুয়ে অধিনায়কের নামের পাশে ১১ সেঞ্চুরির সঙ্গে আছে ৩৯টি ফিফটি। একই মাঠে আগামী রোববার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে।

