কলকাতা, ২৫ জুন (হি.স.): এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে তিন ম্যাচের সবকটিতে জিতে নকআউটে গেল স্বাগতিক মেক্সিকো। ১৯৯০ সালে ইতালির পর স্বাগতিক দেশের গ্রুপ পর্বের সব ম্যাচ জয়ের প্রথম নজিরও এটিই। মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের দুরন্ত পারফরম্যান্সে বিশ্বকাপের ‘এ’ গ্রুপে চেকিয়াকে ৩-০ গোলে হারাল মেক্সিকো।
গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে মেক্সিকো তিনটি গোলই পেয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে মাতেও শাভেজ মেক্সিকোকে এগিয়ে দেন। ৬ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ইউলিয়ান কুইনোনেস। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে শেষ গোলটি করেন আলভারো ফিদালগো।
এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউটে গেছে দক্ষিণ আফ্রিকা। এখন শেষ ৩২-এর পর্বে মেক্সিকোর প্রতিপক্ষ হবে গ্রুপ ‘সি’, ‘ই’, ‘এফ’, ‘এইচ’ বা ‘আই’-এর তৃতীয় স্থান অধিকারী কোনো দল। ম্যাচটি আগামী ৩০ জুন মেক্সিকো সিটির অ্যাজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

