স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জুন : গত সোমবার মাঝ রাতে কাঁঠালতলী বাজার সংলগ্ন এলাকায় সুমীর দাস নামে ক্লাব সম্পাদক খুন হয়। এই ঘটনার পর বৃহস্পতিবার রাজ্যে ফিরে সমীর দাসের বাড়িতে গেলেন এলাকার বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। সমীর দাসের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে শোক জ্ঞাপন করেন এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান তিনি।
তারপর সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এতদিন গর্ব করে বলেছিলেন তাঁর নিজ বিধানসভা এলাকা দুর্নীতি মুক্ত, ক্রিমিনাল মুক্ত এবং ক্রাইম মুক্ত। কিন্তু গত সোমবার যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত দুঃখের। এই এলাকার মানুষ এতদিন এগুলোর বিরুদ্ধে ভোট দিয়েছে। অথচ সোমবার জঘন্য অপরাধ ঘটল এলাকায়। সিপিআইএম দীর্ঘ ২৫ বছরে কোন কিছু শেখাতে না পারলেও খুন শিখিয়ে গেছে। বর্তমানে এই খুনের পরিসংখ্যান রাজ্যে হ্রাস পাচ্ছে। তাদের সময় প্রত্যেকটা খুনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতো। ভারতীয় জনতা পার্টি খুন সমর্থন করে না। যারা সমীরকে খুন করেছে তারা অমানুষ। জেলে থেকে যেন তাদের বিচার হয় সে দাবি করছেন তিনি। তিনি আরো বলেন এই ঘটনায় এখন পর্যন্ত তিনজন আটক হলেও আরো কয়েকজন পেছনে লুকিয়ে আছে। এই খুনের পেছনে রহস্য লুকিয়ে আছে।
তিনি আরো বলেন যারা এই খুনের জন্য পেছন থেকে কলকাটি নেড়েছে তাদের ছেড়ে দেওয়া হবে না। পাশাপাশি, সেদিন জনতার উত্তেজনাকে বাহবা দিয়ে বললেন অন্যায়ের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে। উল্লেখ্য, রাজ্যে সুশাসন জামানায় ঊষা বাজার ক্লাব সম্পাদক খুনের ঘটনার পর এটা দ্বিতীয় ঘটনা। রাজ্যের মানুষ শান্তি চায়। ক্লাবগুলির জমির দালালি সহ একাধিক বেআইনি কার্যকলাপ সাধারণ দৃষ্টিভঙ্গিতে মেনে নেয় না। এগুলি নিয়ন্ত্রণে আনতে দাবি উঠতে শুরু করেছে সাধারণ মানুষের পক্ষ থেকে।

