স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট : রাজ্যে দুর্ঘটনার লাগাম কিছুতেই টানতে পারছে না প্রশাসন। রীতিমতো ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। এরই জীবন্ত উদাহরণ একের পর এক হতাহতের ঘটনায়। শুক্রবার সকালে জিরানিয়া মহকুমা বাসকবড়া এলাকায় তেলবাহী ট্যাংকের সাথে বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে জিরানিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পরবর্তী সময় মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠানো হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। জিরানিয়া থানার পুলিশ জানায়, এদিন সকালবেলা জিরানিয়া থানার পুলিশের মাধব বাড়ি এলাকায় নাকা পয়েন্ট অতিক্রম করে দ্রুতগামী ট্যাংকের সাথে সংঘর্ষ হয় একটি বাইকের। বাইক চালকের মৃত্যু হয়েছে। বাইক চালকের নাম বিজন দেব। বয়স ৬০ বছর।
পুলিশ গাড়ি সহ চালককে আটক করেছে। ঘটনার তদন্ত চলছে। মৃত ব্যক্তির ভাই গোপাল দেব জানান, তার ভাই শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে আগরতলা আসছিলেন। সে সময় এই ঘটনা। তারা ৮ টা ১৫ মিনিটের নাগাদ খবর পেয়ে জিরানিয়া হাসপাতালে গিয়ে দেখে বিজন নেই। অপর ঘটনাটি সংঘটিত হয়েছে বিলোনিয়া থানাধীন চিত্তামারা পুরান বাজার সংলগ্ন এলাকায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে লরি চালকের। আহত হয় তিনজন। নিহতের নাম নারায়ণ মজুমদার। বাড়ি রাজাপুর স্কুল সংলগ্ন এলাকায়। জানা গেছে, শুক্রবার দুপুরে বিলোনিয়া থানাধীন চিত্তামারা পুরান বাজার সংলগ্ন এলাকায় অতিরিক্ত গতিতে বাক নিতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। তখন রাস্তার মধ্যেই উল্টে যায় লরি। গাড়ির ভেতর আটকে পড়ে চারজন।
খবর পেয়ে সাথে সাথে ছুটে আসে দমকল কর্মীরা। পরে বুলড্রোজার এনে স্থানীয়দের সহযোগিতায় চারজনকে উদ্ধার করা হলেও চালক মৃত। জানা যায়, চিত্তামারা এলাকার এক ইট ভাট্টা থেকে ইট বোঝাই করে পাইখোলার দিকে যাচ্ছিল লরিটি। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন অতিরিক্ত মহকুমা শাসক পরিতোষ বিশ্বাস, ডিসিএম সঞ্জয় শীল। পুলিশ গাড়িটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনা গ্রস্ত গাড়ির নম্বর টি আর ০৩ সি ১৫৭২ । উল্লেখ্য, রাজ্যে প্রতিদিন এ ধরনের দুর্ঘটনা সামনে উঠে আসলো প্রশাসন দ্রুতগতি সম্পন্ন গাড়িচালকদের বিরুদ্ধে কোনরকম কড়া পদক্ষেপ নেই। অকালে ঝরে যাচ্ছে বহু মানুষ। পঙ্গু হয়েও পরিবারের বোঝা হচ্ছে অনেকে। অথচ কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন প্রশাসন। প্রতিবছর সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘটা করে সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন করা হলেও বাস্তবে কাজে আসছে না। যা আবারো ষ্পষ্ট হলো এদিন।

