স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট : বিকাশ ত্রিপুরার জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স মিলছে না রোগীদের। বেসরকারি গাড়ি ভাড়া করে রেফার করা সংকটাপন্ন রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে প্রধান রেফারেল হাসপাতালে। এই জীবন্ত উদাহরণ শান্তির বাজার জেলা হাসপাতালে। এই বিষয়ে শান্তির বাজার জেলা হাসপাতালের এম.এস জে এস রিয়াং -এর সাথে কথা বললে তিনি জানান বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স রয়েছে পাঁচটি। এর মধ্যে একটি বিকল। অন্য চারটি অ্যাম্বুলেন্স দুটি করে শিফটিং।
এজন্য যে দুটি অ্যাম্বুলেন্স ছিল ডিউটিরত অবস্থায় সেগুলো রোগী নিয়ে সকালে চলে গেছে জিবিতে। এর মধ্যে চিকিৎসক দুই থেকে তিনজন রুগীকে রেফার করেন। তারপর দেখা যায় নেই অ্যাম্বুলেন্স। দুই- আড়াই ঘন্টা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের মেঝেতে রোগী নিয়ে বসে থাকতে হয় পরিবারকে। বাধ্য হয়ে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে বেসরকারি গাড়ি ভাড়া করে নিয়ে যায় জিবি হাসপাতালে।
অন্যদিকে হাসপাতালে নেই চিকিৎসক। রোগী নিয়ে এসে ক্ষোভে ফেটে পড়েন পরিজনরা। দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস নিজের মর্জি মাফিক জেলা হাসপাতাল পরিচালনা করছেন। শান্তিরবাজার জেলা হাসপাতালে অন্য জায়গা থেকে ভালো চিকিৎসক বদলি হয়ে আসলে তাদেরকে দু এক সপ্তার মধ্যে অন্য আরেকটি হাসপাতালে ডেপুটেশনে পাঠিয়ে দেওয়া হয়। যার কারণে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসক কম থাকাতে সঠিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত লোকজনেরা।

