স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ আগস্ট : ২১ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত লোকসভা ও রাজ্য সভার গ্রীষ্মকালীন অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে বিরোধীরা কোন ধরনের সহযোগিতা করেনি। তাদের সহযোগিতা ছাড়াই অধিবেশন সমাপ্ত হয়েছে। অধিবেশনে বারে বারে বাঁধা দেওয়ার চেষ্টা করেছে বিরোধীরা। লোকসভায় ১২০ ঘণ্টার মধ্যে কাজ হয়েছে মাত্র ৩৭ ঘন্টা। বাকি সময়টা নষ্ট করেছে বিরোধীরা। রাজ্য সভায় কাজ হয়েছে ৪১ ঘণ্টা। এখানেও বাকি সময় নষ্ট হয়েছে বিরোধীদের কারণে।
সংসদের ৫৩ ঘন্টা ২১ মিনিট সময় নষ্ট করেছে বিরোধীরা। লোকসভা ও রাজ্যসভায় প্রায় ১৬ ঘন্টা আলোচনা হয়েছে অপারেশন সিঁদুর নিয়ে। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে গিয়ে বিরোধীরা ল্যাজে গোবরে হয়ে গেছে। কেন্দ্রীয় গৃহ মন্ত্রীর আলোচনা চলাকালীন সময় বিরোধীরা সংসদ থেকে ওয়াক আউট করে। তাদের একমাত্র ইস্যু ভোটার তালিকায় নিবিড় সংশোধনী। তাদের দাবি ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নিয়ে সংসদে আলোচনা করতে হবে। সংসদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় তাদের কোন ইচ্ছা নেই।
ভোটার তালিকায় নিবিড় সংশোধনী সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়। এই ক্ষেত্রে সরকারের কোন ভূমিকা নেই। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার লক্ষ্যে নির্বাচন কমিশন এস.আই.আর করছে। সংসদে আলোচনা করতে পারে এমন কোনো ইস্যু বিরোধীদের কাছে ছিল না। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সংসদ রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন ত্রিপুরার একাধিক বিষয় তিনি সংসদে উত্থাপন করেছেন। কিন্তু বিরোধীদের কারণে সেই বিষয়গুলো নিয়ে ঠিক ভাবে আলোচনা করা যায়নি। বিরোধীদের বিরোধীতা সত্বেও রাজ্যসভায় প্রায় ১৫ টি বিল এবং লোকসভায় ১২ টি বিল পেশ করা হয়েছে এবং সেই বিল গুলিকে পাস করানো হয়েছে বলে জানান রাজীব ভট্টাচার্য।

