স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগষ্ট: রাবার শিল্প রক্ষা করা, শ্রমিকদের কাজ, মজুরি বৃদ্ধির দাবিতে ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় শুক্রবার। মিছিল শেষে সার্কেট হাউজ এলাকায় এক গণঅবস্থানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব।
মূলত, শ্রমিক বিরোধী চারটি শ্রমকোড বাতিল করা, বাগিচা শ্রমিকদের ৮.৩৩ হারে রোলস প্রদান করা, সরকারী চা বাগানেও শ্রমিকদের বছরে চারদিন সম বেতনে ছুটি দেওয়া সহ বিভিন্ন দাবি উদযাপন করা হয়। গণঅবস্থানে উপস্থিত সি আই টি ইউ -র রাজ্য সভাপতি বলেন, বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর অবাধ রাবার আমদানি শুরু করা হয়েছে রাজ্যে। যার ফলে রাবার চাষী সঠিক মূল্য পাচ্ছে না। সরকারের ভুলনীতির কারণে এ রাবার শিল্প আজ ধ্বংসের পথে। যার ফলে রাবার জমির মালিক এবং শ্রমিক উভয়ে ক্ষতিগ্রস্ত। তাই সরকারের উদ্দেশ্যে দাবি রাবার চাষের উৎপাদন বৃদ্ধি করতে মজুরি বৃদ্ধি করা সহ শ্রমিক স্বার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা। তিনি আগে বলেন শ্রমিককে ঠকিয়ে উৎপাদন বাড়ানো যায় না।
তারাও যাতে কর্মসংস্থান পায় এবং রাবার শিল্প যাতে টিকিয়ে রাখা যায় তার জন্য উদ্যোগ নিতে হবে। সরকারের সমালোচনা করে বলেন, মন্ডল নেতারা এবং পঞ্চায়েত থেকে গিয়ে বিভিন্ন চা বাগান গুলি দখল করে মর্জি মাফিক পরিচালনা করার চেষ্টা করছে। যার ফলে দিন দিন শ্রমিকের সংখ্যা হ্রাস পাচ্ছে। শুধু তাই নয় এই নেতারা শ্রমিকদের বাধ্য করছে বাগানের মধ্যে অন্য কাজ করার জন্য। এতে করে শিল্প পুরোপুরি ভাবে মুখ থুবড়ে পড়ছে। তাই এই শিল্পকে আগামী দিন বাঁচানোর জন্য সরকার যদি উদ্যোগ না নেয় তাহলে আগামী দিন রাবার শিল্প রক্ষা করতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

