আগরতলা: নেশাজাতীয় কফ সিরাপ পাচারের সম্ভাব্য খবরকে কেন্দ্র করে শনিবার গভীর রাত পর্যন্ত রাজধানী আগরতলা ও শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে একটি গাড়িতে করে নেশাজাতীয় কফ সিরাপ পাচারের তথ্য পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে একাধিক সংস্থা ও থানার পুলিশ।
খবর পাওয়ার পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি ও তল্লাশি চালানো হলেও শেষ পর্যন্ত সন্দেহভাজন গাড়ি কিংবা কোনও নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
তবে এই ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। একই গোয়েন্দা তথ্য কীভাবে শহরের বিভিন্ন থানায় পৌঁছে গেল? অভিযানের খবর কি আগে থেকেই পাচার হয়ে গিয়েছিল? নাকি গোটা ঘটনার পিছনে রয়েছে অন্য কোনও কারণ?
যদিও এই মুহূর্তে তথ্য ফাঁস বা কাউকে হয়রানির অভিযোগের পক্ষে কোনও নিশ্চিত প্রমাণ সামনে আসেনি। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এত বড় তল্লাশি চালানোর পরও কিছু উদ্ধার না হওয়ায় বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠছে।
ঘটনার নেপথ্যে আসলে কী ছিল, তা স্পষ্ট করতে এখন প্রশাসন ও তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান