স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুন : সবকিছু ঠিক থাকলে চলতি বছর নভেম্বর মাসে আগরতলা পুর নিগমের নির্বাচন। কিন্তু এর আগে প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ কর্পোরেটর সোমা মজুমদার। তিনি পুর নিগমের ১০ নং ওয়ার্ডের কর্পোরেটর। ২০২১ সালে তিনি এলাকার জনগণের ভোটে জয়ী হয়েছিলেন। ভোটে জয়ী হওয়ার আগে জনগণের বাড়ি ঘরে গিয়ে চন্দ্রপুর মধ্যপাড়ার রাস্তা সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সোমা মজুমদার। কিন্তু জনগণের ভোটে জয়ী হতেই প্রতিশ্রুতি ভুলে গেলেন তিনি। অভিযোগ আসাম - আগরতলা জাতীয় সড়কের মাত্র দেড়শ মিটার অভ্যন্তরে অবস্থিত চন্দ্রপুর মধ্যপাড়া এলাকা।
এলাকায় রাস্তাটি দীর্ঘ ৩০ বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। ভোটের আগে সোমা মজুমদারকে যখন এলাকাবাসী রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য দাবি করেছিলেন তখন তিনি বলেছিলেন ভোটে জয়ী হলে তিনি রাস্তাটি সংস্কার করে দেবেন। সুমা মজুমদারের উপর ভরসা রেখে আশায় বুক বেঁধে ছিল এলাকাবাসী। ভোট দিয়ে জয়ী করেছিলেন এলাকার জনগণ। এখন রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য সোমা মজুমদারের কাছে গেলে তিনি পাল্টা প্রশ্ন করেন "ঘর ভেঙে কি রাস্তা নির্মাণ করে দেবে।" সোমা মজুমদারের এমন সুর শুনতে পেয়ে হতাশাগ্রস্ত এলাকাবাসী ক্ষোভে ফুঁসছেন। এলাকায় বহু পরিবারের বসবাস। তারা রাস্তাটি দিয়ে চলাচল করতে পারছে না। দীর্ঘ ৩০ বছর ধরে রাস্তাতে এমন বেহাল অবস্থা। বাম আমলেও স্থানীয় কাউন্সিলরকে অবগত করেছিলেন, কিন্তু তৎকালীন কাউন্সিলরও রাস্তাটি সংস্কার করার কোন উদ্যোগ নেয়নি। আবার কেউ কেউ দাবি করেন, রাস্তাটি দিয়ে যাতায়াত করতে গিয়ে তারা বিভিন্ন সময় সাপ এবং বিভিন্ন পোকামাকড়ের শিকার হচ্ছেন।
মাঝেমধ্যে বাইক ও স্কুটি নিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় পড়ছে। সোমা মজুমদারকে বললে তিনি জানিয়ে দেন ফান্ড আসলে কাজ করা হবে। কিন্তু ফান্ডের দোহাই দিয়ে দীর্ঘ পাঁচ বছর মেয়াদ শেষ হতে চলেছে সোমা মজুমদারের কর্পোরেট পদের। এমনকি এলাকার একাধিক স্ট্রীট লাইট জ্বলে না। এলাকাবাসী দিশেহারা সোমা মজুমদারের দায়িত্ব জ্ঞান হীনতার কারণে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান