বাড়িরাজ্যরাবার প্লান্টেশন প্রকল্পে ভয়াবহ অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে মন্ত্রী বিকাশের বিরুদ্ধে

রাবার প্লান্টেশন প্রকল্পে ভয়াবহ অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে মন্ত্রী বিকাশের বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ আগস্ট : ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত ঊনকোটি, হীরাছড়া ও দেওড়াছড়া এডিসি ভিলেজে রাবার প্লান্টেশন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ নয়ছয়ের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছে গৌরনগর পঞ্চায়েত সমিতি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্য সচিবের দ্বারস্থ হলেও এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান জানান, এই তিনটি এডিসি ভিলেজে বহুদিন ধরে কোনো ভিলেজ কমিটি বা ব্লক এডভাইজারি কমিটি নেই।

ফলে বিভিন্ন প্রকল্পের কাজ অনুমোদনের দায়িত্ব এসে পড়েছে সমিতির উপর। এই সুযোগকে ব্যবহার করছে একাংশ আধিকারিক ও শাসকদলীয় নেতৃত্ব। তার অভিযোগ, যেখানে তিনটি ভিলেজে মোট পাট্টা প্রাপক পরিবারের সংখ্যা ৭৮৬, সেখানে বেনিফিশিয়ারি করা হয়েছে ৭৯৯ জনকে। এমনকি একই পরিবারের একাধিক সদস্যকে একাধিকবার বেনিফিশিয়ারি করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আরো দেশ শতাধিক পরিবারের নাম অনুমোদনের জন্য পঞ্চায়েত সমিতির কাছে পাঠানো হয়েছে।

হীরাছড়া ও ঊনকোটির জন্য বরাদ্দ রাবার প্লান্টেশন দেওড়া ছড়ায় স্থানান্তর করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।বদরুজ্জামান বলেন, এভাবে প্রকৃত পাট্টাধারীরা বঞ্চিত হচ্ছেন। উপরন্তু জেলা শাসকের নির্দেশে রেগার টাকাও ব্লক থেকে কেটে জোনাল ডেভেলপমেন্ট অফিসে পাঠানো হচ্ছে। এতে সমিতির হাতে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকছে না। সমিতির চেয়ারম্যান লক্ষী নমঃ ও ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ২২শে জুলাই মুখ্য সচিবের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন, যার প্রতিলিপি মুখ্যমন্ত্রীকেও পাঠানো হয়েছে। কিন্তু এতদিনেও প্রশাসনের তরফে কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। বদরুজ্জামান দাবি করেন, জনজাতি কল্যাণ দপ্তর অর্থের নেশায় দিশাহীন হয়ে উঠেছে। তিনটি এডিসি ভিলেজে পাহাড় সমান ঘোটালা চলছে। সরকার যেন অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে সত্য উন্মোচন করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য