স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ জুলাই :বুধবার ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে দপ্তরের কাজকর্ম নিয়ে এক পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি আধিকারিকদের নিয়ে এদিনের বৈঠকের পর সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে জনজাতি কল্যাণ দপ্তরের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে সে অর্থ সঠিকভাবে জনজাতিদের কল্যাণে ব্যবহার হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নিতে আজকের এই তাৎপর্যপূর্ণ বৈঠক।
বৈঠকে উপস্থিত আছেন দপ্তরের সচিব এবং অধিকর্তা। জনজাতিদের কল্যাণে আগামী দিন আরো কি সুযোগ সুবিধা গ্রহণ করা যায় এবং বিভিন্ন সুযোগ সুবিধা আরো দ্রুত পৌঁছে দেওয়ার জন্য আলোচনা হয়েছে তাদের সঙ্গে। মন্ত্রী আরো বলেন আত্মনির্ভর ভারতের স্লোগান দিয়েছে সরকার। সেই স্লোগানকে সামনে রেখে জনজাতি অংশের মানুষ এগিয়ে যাচ্ছে। আরো বলেন আগে জনজাতিদের শিক্ষা দীক্ষার বিষয়ে এত জোর দেওয়া হতো না। বর্তমান সরকার জনজাতিদের শিক্ষা দীক্ষার দিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।
কারণ কোন জাতির শিক্ষায় উন্নত না হলে সেই জাতি উন্নয়ন হয় না। পূর্ববর্তন সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, আগের সরকার জনজাতিদের উন্নয়নে ৩৫ বছর কোন গুরুত্ব দেয়নি। মন্ত্রী দাবি করেন বর্তমান সরকার প্রত্যেকটি স্কুল স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছে। ছাত্র-ছাত্রীদের গুনগত শিক্ষার দিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে বলেও দাবি করে বলেন, জনজাতিরা এগিয়ে না গেলে বিকাশিত ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না। তাই জনজাতিদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

