স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ জুলাই : দুদিনের লাগাতার বর্ষণে ইতিমধ্যেই গোমতী নদীর জলস্তর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যার ফলে আতঙ্কিত গোমতী নদীর তীরবর্তী নিন্মাঞ্চলের মানুষজন। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছুই নেই। কারণ গোমতী নদীর উৎস স্থল তথা ডম্বুর বাঁধে জলস্তর এখনো বিপদসীমার অনেক নিচে দিয়ে বইছে। বর্তমানে ডম্বুর বাঁধের জলস্তর ৯২.৬০ মিটার।
৯৪ মিটার জলস্তর অতিক্রম করার পর বাঁধের একটি গেইট স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। গত বছর ডম্বুর বাঁধের উপর জলরাশের এতটাই চাপ ছিল যে তিনটি গেইটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। যার ফলে মুহুর্তের মধ্যে নিন্মাঞ্চল প্লাবিত হয়ে গিয়েছিল। যদিও এবছর জলস্তর বিপদসীমা থেকে অনেকটা নিচে থাকায় এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান করবুক মহকুমা প্রশাসনের ডিসিএম অনুরাগ দেববর্মা। তবে দুই দিনের অবিরাম বৃষ্টিতে বিভিন্ন পুকুর, নালা, খাল, বিল প্রায় জলে পরিপূর্ণ হয়ে রয়েছে। যার ফলে কিছু কিছু এলাকায় বাড়ি ঘরে জল প্রবেশ করছে। আগামী কিছুদিন যদি এভাবে বৃষ্টি চলতে থাকে তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাক বন্যা পরিস্থিতিতে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাইক যুগে বিভিন্ন এলাকায় প্রচার করা হচ্ছে।

