স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ নভেম্বর :
ত্রিপুরা পুলিশ রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত! কিন্তু কতিপয় পুলিশকর্মীর বিরুদ্ধে মাঝেমধ্যে এমন অভিযোগ উঠে আসে যার কারণে গোটা পুলিশ বাহিনীর দুর্নাম হয়। এবার সোনামুড়া থানার পুলিশের বিরুদ্ধে দেড় লক্ষ টাকা আড়াল করার অভিযোগ তুলল এক পরিবার। অভিযোগ, কালাপানিয়া থেকে ৫ হাজার ৮৬৬ টি ইয়াবা ট্যাবলেট সহ ৩ লক্ষ ৪৫ হাজার টাকা উদ্ধার করে বলে দাবি করেছিল পুলিশ। পুলিশ গ্রেপ্তার করে আমির হোসেন নামের একজনকে। এই ঘটনায় এবার নয়া মোড় সামনে এসেছে সোনামুড়া থানার পুলিশের বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে সোনামুড়া থানার পুলিশ আমির হোসেনের বাড়িতে যেদিন অভিযান চালিয়েছিল সেদিন তাদের ঘরে জমি বিক্রির টাকা এবং চেন্নাইয়ে বেসরকারি সংস্থায় কাজ করে জমানো অর্থ রাশি ছিল ঘরের মধ্যে। দুই ভাগে পাঁচ লক্ষ টাকা ঘরের মধ্যে ছিল। সঙ্গে ছিল দুই ভরি স্বর্ণ। সেদিন অভিযান চালিয়ে পুলিশ পাঁচ লক্ষ টাকা সহ দুই ভরি স্বর্ণ নিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ দাবি করেছে বাড়ি থেকে তিন লক্ষ ৪৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি কিছু নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কোনভাবেই তিন লক্ষ ৪৫ হাজার টাকা হবে না।
ঘরের মধ্যে সেদিন ৫ লক্ষ টাকা ছিল। এগুলি পুলিশ নিয়ে যায়। এখন পুলিশ মিথ্যে কথা বলছে। ধৃত ব্যক্তির ভাই বিল্লাল হোসেন আরো বলেন, তারা পরিবারের লোকজন কোন ধরনের বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত নয়। তাদের ঘরে কোনরকম নেশা জাতীয় ট্যাবলেট ছিল না। পুলিশ পার্শ্ববর্তী দুজন ব্যক্তিকে নিয়ে অভিযান চালিয়ে এ ধরনের অভিযোগ তুলেছে। তবে এখন দেখার বিষয় পুলিশের সুষ্ঠু তদন্তে কি বের হয়ে আসে। খবর লেখা পর্যন্ত পুলিশ মুখ খুলেনি। পুলিশের বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ হয়, তাহলে পুলিশের অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন অভিযোগকারী পরিবারে বিরুদ্ধে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান