Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য সিকিমে ভয়াবহ দুর্ঘটনায় নিখোঁজ ত্রিপুরার যুবক, পরিবারের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা

সিকিমে ভয়াবহ দুর্ঘটনায় নিখোঁজ ত্রিপুরার যুবক, পরিবারের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা

সিকিমে ভয়াবহ দুর্ঘটনায় নিখোঁজ ত্রিপুরার যুবক, পরিবারের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মে :উত্তর সিকিমে ভয়াবহ দুর্ঘটনায় নিখোঁজ ত্রিপুরার দুই যুবক। ঘটনা গত ২৯ মে রাতের বেলা উত্তর সিকিমে ১০০০ ফুট নীচে তিস্তা নদীতে পড়ে যায় পর্যটন বুঝাই গাড়ি। এই গাড়ির মধ্যে ছিল ত্রিপুরা, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের পর্যটকরা। এর মধ্যে ছিলেন ত্রিপুরার কৈলাশহরের দুই যুবক। তারা সিকিমে ঘুরতে গিয়েছিলেন। এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে। ত্রিপুরার নিখোঁজ ২ যুবকের নাম দেবজ্যোতি দেব এবং স্বপ্ননীল দেব।

ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার উত্তর সিকিমের চুংথাং থেকে মুন্সিথাং যাওয়ার রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকদের একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ১০০০ ফুট নীচে তিস্তা নদীতে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে ১১ জন ছিলেন। তাঁরা পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ত্রিপুরার বাসিন্দা বলেই খবর। মঙ্গনের পুলিশ সুপার সোনম ডিচু জানান, ১১ জন পর্যটক ছিল ভাড়া গাড়িটিতে। একাধিক দফতর উদ্ধারকাজে হাত লাগিয়েছে। ভারতীয় সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিকিম পুলিশ এবং ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ উদ্ধারকাজে নেমেছে। বৃহস্পতিবার এবং শুক্রবার সারা রাত ধরে তল্লাশি চলে। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় মাঝে মধ্যে ব্যাহত হয়েছে উদ্ধার কাজ।স্থানীয় সূত্রে খবর, সিকিমে নিখোঁজ হওয়া পর্যটকদের মধ্যে রয়েছেন ওড়িশার বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক ইতশ্রী জানা ও তাঁর পরিবারের সদস্যেরা। দুই ভাই এবং তিন বোনকে নিয়ে ওই বিজেপি নেত্রী বেড়াতে সপরিবার গিয়েছিলেন উত্তর সিকিমে। বৃহস্পতিবার লাচেন থেকে লাচুং যাওয়ার পথে ওই দুর্ঘটনা হয়।

 জানা যাচ্ছে, দু’টি গাড়ি করে ইতশ্রীরা যাচ্ছিলেন। দ্বিতীয় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় পড়ে যায়। ওই গাড়িতে ছিলেন ইতশ্রী ও তাঁর পরিবারের সদস্যেরা এবং ত্রিপুরার পর্যটকরা। পরে ঋষি সংলগ্ন তাতোপানি এলাকায় তিস্তার নদী গর্ভে গাড়িটির হদিস মেলে। সেই গাড়িতে এক জনকে নিথর অবস্থায় পাওয়া যায়। আহত অবস্থায় উদ্ধার হয়েছে দুজন। এই দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘গত ২৯শে মে রাতে মঙ্গন জেলার চুবোম্বুর কাছে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমি গভীর ভাবে শোকাহত। লাচেন থেকে লাচুং যাওয়ার সময় একটি পর্যটক গাড়ি তিস্তা নদীতে পড়ে যায়। এমন অত্যন্ত কঠিন সময়ে আমার সমবেদনা এবং প্রার্থনা রইল নিহত এবং আহতদের পরিবারের প্রতি।’ ক্ষতিগ্রস্তদের সকল রকমের সহায়তা প্রদানের আশ্বাসও দিয়েছেন তিনি। এদিকে ত্রিপুরা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোন কিছু জানা যায়নি। তবে রাজ্যে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী শনিবার দুপুরে নিখোঁজ দেবজ্যোতির পরিবারের সাথে দেখা করেছেন। ঘটনার দুঃখ প্রকাশ করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান