স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : গত ১৭ জুলাই মাঝ রাতে আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন সিপিআইএমের বরিষ্ঠ নেতৃত্ব সমীর চক্রবর্তী। শুক্রবার দুপুরে মৃতদেহ নিয়ে আসা হয় তাঁর নিজ বাসভবনে। সেখানে শ্রদ্ধা জানাতে গেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা।
মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রয়াত সমীর চক্রবর্তীর প্রতি। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শোক জ্ঞাপন করেন। পাশাপাশি পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমীর চক্রবর্তীর সাথে বহু আগে থেকে পরিচয় ছিল। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত ১৭ জুলাই আইএলএস হাসপাতালে মৃত্যু হয়েছে। তাঁর আত্মার সৎগতি কামনা করেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে মৃতদেহ নিয়ে আসা হয় ছাত্র যুবক ভবনে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর মৃতদেহ নিয়ে যাওয়া হয় সিপিআইএম পশ্চিম জেলা ও মহকুমা কার্যালয়ে। সেখানে প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব শ্রদ্ধা জানান।

