স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : স্বর্গীয় মাখন লাল সাহার ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর মন্ত্রী বাড়ি রোড স্থিত এক বাণিজ্যিক প্রতিষ্ঠানে আয়োজিত শিবিরে প্রদীপ প্রজ্জলন করে রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে অনুষ্ঠানে উপস্থিত সকলে স্বর্গীয় মাখন লাল সাহার পতিকৃতিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রেখে বলেন, বর্তমান সরকার সর্বদা সমাজ পরিবর্তনের কথা বলে থাকে।
সেই সমাজ পরিবর্তন এসেছে। মানুষ চায় ভালো কাজ করতে। মানুষ চায় সুখ ও শান্তিতে থাকতে। জাতি জনজাতি সকলে নিয়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে চলতে চায় বর্তমান রাজ্য সরকার। রক্তদানের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্তদানের উপর আর কোন দান নেই। এক ইউনিট রক্ত দিয়ে চার জনের জীবন বাঁচানো সম্ভব। বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত হওয়ার ফলে এইটা সম্ভব হয়েছে। শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ দেন।

