স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুলাই: আসন্ন শারদোৎসবের আগেই রাজধানী আগরতলায় চলমান স্মার্ট সিটি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
রাজধানীকে আধুনিক, পরিচ্ছন্ন ও আরও জনবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্মার্ট সিটি মিশনের অধীনে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে শনিবার মুখ্যমন্ত্রী বিদুরকর্তা চৌমুহনী থেকে পূর্বাশা, আশ্রম চৌমুহনী, মঠ চৌমুহনী, লাল বাহাদুর ক্লাব, উজান অভয়নগর, প্যারাডাইস চৌমুহনী এবং সংলগ্ন এলাকায় চলমান উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সর্বোচ্চ মান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে সব কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন। বিশেষ করে আসন্ন দুর্গাপূজার আগে যাতে নাগরিকরা উন্নত অবকাঠামোর সুবিধা পান, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা বিভিন্ন সময়ে নানা ধরনের সমালোচনা করে। কিন্তু তাদের আমলে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয়নি। তখন শুধু স্লোগানই শোনা যেত। বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী এবং অল্প সময়ের মধ্যেই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন সাধন করেছে।
তিনি বলেন, সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে রাজধানীসহ রাজ্যের বিভিন্ন এলাকায় পরিকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আধুনিক পরিকাঠামো, উন্নত সড়ক ও নিকাশি ব্যবস্থা এবং আরও উন্নত জনপরিসর গড়ে তুলে আগরতলাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব শহরে রূপান্তরিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, পুর কমিশনার সাজু ওয়াহিদ এবং স্মার্ট সিটি ও পুর নিগমের অন্যান্য আধিকারিকরা।

