স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : বুধবার রাতে কৈলাশহরের ভগবাননগর রেডিও সেন্টারের বিপরীতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক জনের। গুরুতর ভাবে আহত আরও তিন জন। জানা যায় ইরানি এলাকার বাসিন্দা তৈয়ব আলীর ছেলে ‘আতাউর রহমান TR-05E-6054 নাম্বারের বাইক নিয়ে ভগবাননগরের দিক থেকে কৈলাশহরের উদ্দেশ্যে আসছিল।
অপরদিক থেকে আসা একটি নাম্বার বিহীন বাইকের সাথে আতাউর রহমানের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে নাম্বার বিহীন বাইকে থাকা তিন জন ও আতাউর রহমান গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত বলে ঘোষণা করে দেন। অপরদিকে নাম্বার বিহীন বাইকে থাকা আহত তিন জনের চিকিৎসা চলছে ঊনকোটি জেলা হাসপাতালে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইক দুইটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এক দমকল কর্মী দুর্ঘটনার বিষয়ে এ কথা জানান।

