স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুলাই : অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামীকে গত ১২ দিনেও খুঁজে বের করতে পারল না অরুন্ধতী নগর থানার পুলিশ। গত ১ জুলাই থেকে নিখোঁজ অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামী। বহুবার থানায় গিয়ে স্বামীকে খুঁজে বের করে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানালে এখন পর্যন্ত পুলিশ শুধু ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই পুলিশের উপর আস্থা হারিয়ে এবার নিখোঁজ ব্যক্তির স্ত্রীর সংগঠন অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এসোসিয়েশনের কার্যকর্তারা সরব হলেন বৃহস্পতিবার।
জানা যায়, অঙ্গনওয়াড়ি কর্মী আল্পনা দাসের স্বামী বিমল দাস গত ১ জুলাই থেকে নিখোঁজ। থানায় অভিযোগ জানালেও এখনোও কোনো ধরনের সদুত্তর পায়নি পরিবারটি। তাই গত ৭ জুলাই সংগঠনের এক প্রতিনিধি দল এ ডি নগর থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে প্রদান করা হয় ডেপুটেশন। দাবি জানান বিমল দাসকে খুঁজে বের করতে। নিখোঁজ বিমল দাস পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাড়ি রাজধানীর ক্যাম্পের বাজার সংলগ্ন সিপার্ড এলাকায়। কিন্তু কোন খোঁজ খবর না পেয়ে এদিন রাজ্য পুলিশের সদর কার্যালয়ে গিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করে অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এসোসিয়েশনের সদস্যরা। অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এসোসিয়েশনের কর্মকর্তারা জানান তাদের সংগঠনের কার্যকর্তা আল্পনা দাসের স্বামী ১ জুলাই থেকে নিখোঁজ সহকর্মীর স্বামী বিমল দাস।
দুই বার এ ডি নগর থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোন প্রকারের সদুত্তর না পেয়ে এদিন পশ্চিম জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। তবে রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

