স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া এলাকার খামতিং বাড়ির স্থানীয় কিছু যুবক কোন একটি কাজে জিরানীয়া থানাধীন চম্পকনগরে যায়। অভিযোগ, চম্পকনগর থেকে ফেরার পথে সংশ্লিষ্ট চম্পকনগর থানার কিছুটা দূরে তাদের উপর একদল দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে আক্রমণ করে। একটা সময় আক্রমণের শিকার যুবকরা নিজেদের প্রাণ বাঁচানো সহ অভিযোগ জানাতে চম্পকনগর ফাঁড়ির দিকে রওনা দিলে সেই পথেও আক্রমণের শিকার হতে হয় বলে জানা গেছে।
এরপরই আক্রমণের শিকার আহত এবং রক্তাক্ত খামতিং বাড়ির যুবকেরা তেলিয়ামুড়া এবং জিরানীয়া থানা এলাকার মধ্যবর্তী খামতিংবাড়ি এলাকাতে রাতে পথ অবরোধে বসে। আচমকা এই পথ অবরোধের ফলে রাস্তার দুই ধারে দূরপাল্লার বহু গাড়ি সহ ছোট বড় বেশ কিছু যানবাহন আটকে যায়। স্বভাবতই রাতের আঁধারে পাহাড়ি পথে এভাবে আটকে পড়ে সাধারণের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায়। ঠিক এর পাশাপাশি জিরানীয়ার মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রী দাস ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তী সময়ে অবরোধকারীদের সাথে দফায় দফায় আলোচনা ক্রমে উপযুক্ত আইনি ব্যাবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয় বলে দাবী করেছেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। তবে এই গোটা ঘটনা’কে কেন্দ্র করে খামতিংবাড়ি এলাকায় বর্তমানে আতঙ্কের পরিবেশ বিরাজমান। কিসের থেকে এই সংঘর্ষের ঘটনা তা স্পষ্ট নয়। এদিকে আক্রমণের ঘটনায় দুই যুবকের হাতে আঘাত লাগে। অপর দিকে আক্রমণ ঠেকাতে গিয়ে আহত হয় এক পুলিশ কর্মী।

