স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুলাই : শুক্রবার লিচু বাগান এলাকায় ভি আই পি রোডের পাশে ড্রেনের নির্মাণ কাজ করতে গিয়ে টিলা থেকে মাটি ধ্বসে পড়ে গুরুতর আহত বহিঃ রাজ্যের দুই শ্রমিক। আহত দুই শ্রমিকের নাম রাহান উদ্দীন ও সন্তোষ দাস। তাঁদের বাড়ি আসাম । এক শ্রমিক জানান বিগত একমাস যাবত ঠিকেদারের অধীনে কাজ করছিল তারা।
অন্যান্য দিনের মত ড্রেনের ওয়াল নির্মাণের কাজ চলছিল। সেই সময় হাইকোর্টের প্রান্তের টিলা মাটি আচমকা ধ্বসে পড়ে। এতেই চাপা পরে তিন জন। তবে একজন অল্প বিস্তর আহত হয়। বাকী দুইজন চাপা পরে যায়। খবর পেয়ে আসে ঠিকেদারের জেসিবি। অন্যান্য শ্রমিকদের চেষ্টায় মাটি সরিয়ে আহত দুই শ্রমিককে উদ্ধার করা হয়। আহত শ্রমিকদের উদ্ধার করে জিবিতে নিয়ে যাওয়া হয়। জানা গেছে মোট ৫ জন শ্রমিক কাজ করছিল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ভীড় জমায় স্থানীয়রা।

